ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি টি-২০ বিশ্বকাপ - ২০২৪

শ্রীলংকাকে হারাল নেদারল্যান্ডস, বাংলাদেশের জন্য সাবধানবাণী

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৮, ২৯ মে ২০২৪
শ্রীলংকাকে হারাল নেদারল্যান্ডস, বাংলাদেশের জন্য সাবধানবাণী
ফাইল ছবি

গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে সবাইকে চমকে দিয়েছিল নেদারল্যান্ডস। জায়ান্ট কিলার হিসেবে বেশ খ্যাতি আছে ডাচদের। আর টি-২০ ক্রিকেটে বড় দল-ছোট দলের ব্যবধান কমে আসে আরো। তবে চমক দেখাতে বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা করতে নারাজ স্কট অ্যাডওয়ার্ডসের দল।

গা গরমের ম্যাচেই দারুণ এক চমক উপহার দিয়েছে নেদারল্যান্ডস। শ্রীলংকাকে হারিয়েছে তারা। মঙ্গলবার (২৮ মে) রাতে বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল শ্রীলংকা। সেই ম্যাচে লংকানদের হারিয়ে চমক দেখিয়েছে ডাচরা।

ফ্লোরিডার সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক স্টেডিয়ামে লংকানরা ২০ রানে হেরেছে। আগে ব্যাট করে নেদারল্যান্ডস করেছিল ১৮১ রান। জবাবে ১৮.৫ ওভারে ১৬১ রানেই গুটিয়ে যায় ওয়ানিন্দু হাসারাঙ্গার দল। বিশ্বকাপে একই গ্রুপে আছে শ্রীলংকা ও নেদারল্যান্ডস।

Advertisement

ডি গ্রুপে দল দুটির বাকি সঙ্গীরা হচ্ছে বাংলাদেশ, নেপাল ও দক্ষিণ আফ্রিকা। গত বছর অক্টোবর -নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়ে দিয়েছিল নেদারল্যান্ডস। প্রস্তুতি ম্যাচে শ্রীলংকাকে হারিয়ে বিশ্বকাপের মূল ম্যাচের আগেও যেন টাইগারদের হুমকি দিয়ে রাখল ডাচরা।

বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নিতে হলে পাঁচ দলের গ্রুপে কমপক্ষে দ্বিতীয় স্থানে থাকতে হবে। সুপার এইটকে পাখির চোখ করা বাংলাদেশকে সেক্ষেত্রে নেপাল ও নেদারল্যান্ডসকে হারানোর পাশাপাশি শ্রীলংকা বা দক্ষিণ আফ্রিকার মধ্যে এক দলকে হারাতে হবে।

সেই কাজটা যে সহজ হবে না তা শ্রীলংকাকে হারিয়ে বুঝিয়ে দিল স্কট অ্যাডওয়ার্ডসের দল। এদিকে আগামী ৮ জুন শ্রীলংকার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ১৩ জুন।

বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে বাংলাদেশ, শ্রীলংকা ও নেদারল্যান্ডসের আরো একটি করে প্রস্তুতি ম্যাচ বাকি আছে। ১ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। তার আগে ৩১ মে শ্রীলংকা খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে, আর নেদারল্যান্ডসের প্রতিপক্ষ কানাডা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!