ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে কারণে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা হয়নি দিবালার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬, ২১ মে ২০২৪
যে কারণে আর্জেন্টিনার স্কোয়াডে জায়গা হয়নি দিবালার
ছবি- সংগৃহীত

আগামী ২১ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। আসরের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে তাদের প্রতিপক্ষ কানাডা।

লাতিন আমেরিকা অঞ্চলের শ্রেষ্ঠত্বের লড়াইকে সামনে রেখে ২৯ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। যেখানে জায়গা হয়নি তারকা ফরোয়ার্ড পাওলো দিবালা। তার মতো তারকার দলে জায়গা না পাওয়া নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ভক্তদের মনে প্রশ্ন- কেন দলে নেই দিবালা। তবে কেন এই ফরোয়ার্ডকে স্কোয়াডে রাখেননি কোচ লিওনেল স্কালোনি, দিবালার সাম্প্রতিক পারফর্ম দেখে তা কিছুটা হলেও আঁচ করা যায়।

Advertisement

সম্পতি টিস্যুর ইনজুরিতে ভুগছিলেন দিবালা। তবে চোট কাটিয়ে সময়মতো দলের সঙ্গে দেবেন আশা করছিলেন তিনি। কিন্তু সেই আশায় গুড়েবালি। পুরোপুরি সুস্থ না হওয়ায় সেই আশা পূরণ হচ্ছে না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলারের।

ইতালিয়ান সিরি আ-তে সর্বশেষ ১০ ম্যাচের মাত্র ৩টিতে পুরো ৯০ মিনিট দিবালাকে খেলিয়েছেন রোমা কোচ। এর মধ্যে দুটি ম্যাচে ইনজুরির কারণে খেলতেই পারেননি। আর রোমার জার্সিতে শেষ ম্যাচে মাত্র ২৭ মিনিট দিবালাকে খেলানো হয়েছে। এতেই বোঝা যায়, আসলে চোট থেকে পুরোপুরি ফিট হতে পারেননি এই আর্জেন্টাইন।

এসব কিছু বিবেচনা করেই দিবালাকে দলে রাখেননি স্কালোনি। তবে কোপা আমেরিকা খেলার সুযোগ একেবারেই শেষ হয়ে যায়নি দিবালার। আগামী ১২ জুন পর্যন্ত দলগুলোর জন্য স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ রেখেছে কোপা আমেরিকা কর্তৃপক্ষ। এর মধ্যে যদি দিবালা চোট থেকে ফিরে ভালো পারফর্ম করতে পারেন, তাহলে কোপা আমেরিকায় যোগ দিতে পারবেন তিনি।

কোপা আমেরিকার আগে অবশ্য দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এই দুই ম্যাচের জন্যই মূলত ২৯ সদস্যের দল ঘোষণা করেছে দলটির কোচ লিওনেল স্কালোনি। তবে এই স্কোয়াডই কোপার জন্য চূড়ান্ত নয়। 

জানা গেছে, ইকুয়েডর ও গুয়েতেমালার বিপক্ষে ম্যাচের খেলা দেখে যাচাইবাছাইয়ের মধ্যে আরো ৩ জনকে ছাঁটাই করা হবে। এরপর লাতিন আমেরিকার বড় ফুটবল প্রতিযোগিতাটির জন্য ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে আলবিসেলেস্তেরা।

আগামী ১০ জুন ইকুয়েডরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। আর গুয়েতেমালার বিপক্ষে ম্যাচটি হবে ১৪ জুন।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!