ব্যাঙ্গালুরুর কাছে হেরে আইপিএল থেকে বিদায়ের পর হতাশ হয়ে পড়েছিলেন ধোনি। সবার আগে ব্যাঙ্গালুরু ছেড়ে রাঁচিতে চলে যান তিনি। চেন্নাই সুপার কিংসের এক কর্তা জানিয়েছেন, অবসরের সিদ্ধান্তের আগে ধোনি কয়েক মাস অপেক্ষা করতে চাইছেন।
সংবাদমাধ্যমে ওই কর্তা বলেন, ধোনি চেন্নাইয়ের কাউকে বলেনি যে ও অবসর নিতে চলেছে। ও ম্যানেজমেন্টকে বলেছে, কয়েক মাস সময় নিতে চায়। তার পরে ও অবসর নিয়ে সিদ্ধান্ত নেবে।
.png)
এই বিষয়ে কোনো তাড়াহুড়ো করতে চাইছে না চেন্নাই। পুরো সিদ্ধান্ত ধোনির উপরেই ছেড়ে দিয়েছে তারা। সেই কর্তা বলেন, আমরা ধোনির উপরেই সবটা ছেড়ে দিচ্ছি। ওর মাথায় কী চলছে সেটা ও সবচেয়ে ভাল জানে। দেখা যাক কী হয়।
সামনে আইপিএলের বড় নিলাম। তার আগেই হয়তো ম্যানেজমেন্টকে নিজের সিদ্ধান্ত জানাবেন ধোনি। এদিকে গত বছর থেকে চোট সমস্যায় ফেলেছে তাকে। এবারের আইপিএলের আগে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন তিনি।
এখনো মাঝে মাঝে সমস্যা হচ্ছে। ফলে ব্যাট করতে অনেক পরে নামছেন। কম বল খেলার চেষ্টা করছেন। ম্যাচের আগে-পরে হাঁটুতে আইসপ্যাক বেঁধে হাঁটতে দেখা যাচ্ছে ধোনিকে। তাই অবসর নিয়ে তাড়াহুড়ো করতে চাইছেন না তিনি।
সবকিছু ভেবে তার পরে সিদ্ধান্ত নিতে চাইছেন চেন্নাইকে পাঁচবার ট্রফি জেতানো অধিনায়ক।