বুধবার আইসিসির টি-২০ অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদে সাকিব-হাসারাঙ্গা দুজনেই আছেন এখন এক নম্বরে।
ঘরের মাঠে সর্বশেষ জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে দুটি ম্যাচ খেলেছেন সাকিব। দুই ম্যাচ মিলিয়ে পাঁচটি উইকেট পেলেও ব্যাট হাতে তেমন ছন্দে ছিলেন না। দুই ইনিংসে রান করেছেন মাত্র ২২। তাতে ২৩১ থেকে রেটিং পয়েন্ট কমে এখন ২২৮। সমান পয়েন্ট শ্রীলংকান অলরাউন্ডার হাসারাঙ্গারও।
.png)
এই তালিকায় তিনে আছেন আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। সাকিব ও হাসারাঙ্গার থেকে তার রেটিং পয়েন্টের পার্থক্য ১০।
বাংলাদেশের বিপক্ষে ভালো করার ফল পেয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। দুই ধাপ এগিয়ে তিনি এখন চারে। পাঁচে আছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।
এছাড়া টি-২০ বোলারদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাসকিন আহমেদের। তিন ধাপ এগিয়ে তিনি এখন ২৩তম স্থানে। আর পাঁচ ধাপ এগিয়ে মুস্তাফিজুর রহমান উঠে এসেছে ২৫-এ।