ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সর্বোচ্চ ডাক মারার লজ্জার রেকর্ড যার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৪১, ১৩ মে ২০২৪
সর্বোচ্চ ডাক মারার লজ্জার রেকর্ড যার
সুনীল নারাইন

এবারের আইপিএলে অন্যতম সেরা ক্রিকেটার সুনীল নারাইন। ধারাবাহিকভাবে কলকাতা নাইট রাইডার্সকে ব্যাট বা বল হাতে সাহায্য করছেন ওয়েস্ট ইন্ডিজের এ অলরাউন্ডার। সেই তিনিই শনিবার ইডেন গার্ডেন্সে একটি লজ্জার রেকর্ড গড়লেন।

আইপিএলে কমলা টুপির পাশাপাশি বেগুনি টুপির দৌড়েও আছেন নারাইন। ১২টি ম্যাচ খেলে তিনি করেছেন ৪৬১ রান। আবার বল হাতেও নিয়েছেন ১৫টি উইকেট। শনিবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২১ রানে ১ উইকেট নিলেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। ওপেন করতে নেমে প্রথম বলেই আউট হয়েছেন। জাসপ্রিত বুমরাহর বলের লাইন বুঝতে ভুল করে লজ্জার রেকর্ড গড়ে ফেলেছেন তিনি।

শনিবার ইডেনে এবারের আইপিএলে প্রথমবার শূন্য রানে আউট হয়েছেন নারাইন। এই নিয়ে টি-২০ ফরম্যাটে ৪৪ বার শূন্য রানে আউট হলেন তিনি। আর কোনো ক্রিকেটার ২০ ওভারের ক্রিকেটে এতবার শূন্য রানে আউট হননি।

Advertisement

নারাইনের সঙ্গে এত দিন এই লজ্জার রেকর্ড ভাগ করছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস। তিনি টি-২০ ফরম্যাটে ৪৩ বার শূন্য রানে আউট হয়েছেন। মুম্বাইয়ের বিরুদ্ধে তাকে টপকে গেলেন কেকেআরের অলরাউন্ডার।

টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের অলরাউন্ডার রশিদ খান। তিনি ৪২ বার শূন্য রানে আউট হয়েছেন।

৩২ বার শূন্য রানে আউট হয়ে তালিকায় চতুর্থ স্থানে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল এবং ইংল্যান্ডের জেসন রয়। তারা ৩১ বার করে শূন্য রানে আউট হয়েছেন।

আইপিএলে সবচেয়ে বেশি বার শূন্য রানে আউট হওয়ার লজ্জার রেকর্ড এক সঙ্গে তিন ক্রিকেটারের রয়েছে। দীনেশ কার্তিক, রোহিত শর্মা এবং গ্লেন ম্যাক্সওয়েল ১৭ বার শূন্য রানে আউট হয়েছেন। তালিকায় তাদের পর যুগ্ম ভাবে রয়েছেন নারাইন এবং পীযূষ চাওলা। তারা আইপিএলে ১৬ বার শূন্য রানে আউট হয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!