এই দুই ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ করেছে বিসিবি। সিরিজের শেষ দুই ম্যাচ দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়। তবে সর্বোচ্চ টিকিটের মূল্য ১৫০০ টাকা। সিরিজের চতুর্থ টি-২০ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এরপর সকাল ১০টায় পঞ্চম ও শেষ টি-২০ শুরু হবে।
এক বিবৃতিতে বিসিবি জানিয়েছে, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-২০ সিরিজের শেষ দুই ম্যাচ সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে। এই অর্থে ম্যাচ দেখা যাবে পূর্ব গ্যালারিতে বসে। গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে সর্বোচ্চ গুনতে হবে ১৫০০ টাকা।
.png)
ভিআইপি গ্যালারির টিকিটের মূল্য এক হাজার টাকা। উত্তর দক্ষিণ গ্যালারির টিকিটের মূল্য ৩০০ টাকা। ক্লাব হাউসে বসে খেলা দেখতে গুনতে হবে ৫০০ টাকা। সিরিজের শেষ দুটি ম্যাচের টিকিট পাওয়া যাবে ম্যাচের দুইদিন আগে থেকে ম্যাচের দিন পর্যন্ত।
মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম থেকে সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট সংগ্রহ করা যাবে। পাশাপাশি অনলাইনেও পাওয়া যাবে টাইগারদের ম্যাচের টিকিট।
অনলাইন টিকিট সংগ্রহ করা যাবে মিরপুর শের-ই-বাংলার এক নম্বর গেইটের টিকিট কাউন্টারে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এই ডিজিটাল টিকিট সংগ্রহ করতে হবে।
এদিকে জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজ বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সবশেষ সিরিজ। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের শেষ দুই ম্যাচে আগামী ১০ ও ১২ মে অনুষ্ঠিত হবে।