বার্সেলোনায় যুগে যুগে অনেক ব্রাজিলিয়ানই কিংবদন্তি হয়ে গিয়েছেন। রোনালদো নাজারিও, রোনালদিনহো, রোমারিও, রিভালদো, নেইমাররা ক্যাম্প ন্যুতে ছিলেন নায়ক হয়ে। ভিটর রকেির বার্সায় আগমনও তাই ছিল স্বপ্নের মতো।
কিন্তু বার্সায় আসার পর পাঁচ মাস পরই যেন ব্রাজিলিয়ান তরুণ স্ট্রাইকারের স্বপ্নভঙ্গ। ১৯ বছর বয়সী এই তারকা কাতালুনিয়ান শিবিরে নিজেকে মানিয়ে নিতে খাবি খাচ্ছেন। বার্সা এবং কোচ জাভি হার্নান্দেজের আচরণ নাকি মানতে পারছেন না।
.png)
এই অভিযোগ এসেছে রকের এজেন্ট আন্দ্রে কারির কাছ থেকে। গুঞ্জন উঠেছিল, রকিকে আগামী মৌসুমের জন্য ধারে অন্য ক্লাবে পাঠাবে বার্সেলোনা। যেন মাঠে খেলার সময় পান তিনি। একইসঙ্গে ১৯ বছরের এই তরুণের অভিজ্ঞতাও সমৃদ্ধ হবে।
তবে এজেন্টের বক্তব্য, ‘ধারে নয়, বার্সা ছাড়লে পাকাপাকিভাবেই ছাড়বেন তিনি।’ কাতালান এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে রকের বর্তমান অবস্থা তুলে ধরেছেন তার এজেন্ট আন্দ্রে কারি, ‘সবাই মনে করছে মাঠে ভিটর রকের আরো বেশি সময় পাওয়া উচিত।’
এরপর তিনি বলেন, ‘কেউ বুঝতে পারছে না কেন কোচ তাকে সময় দিচ্ছে না। জাভি কখনোই তার সঙ্গে কথা বলেনি। আমি এই পরিস্থিতি বুঝতে পারছি না এবং আমার মনে হয় না এটা কারও জন্য ভালো ব্যাপার। আমি তাকে বলেছি আরও বেশি পরিশ্রম করে যেতে হবে।’
আন্দ্রে কারি আরো বলেন, ‘এই ছেলেটির সঙ্গে বার্সার চুক্তি আছে। অন্য জায়গা থেকে দ্বিগুণ টাকার প্রস্তাব থাকার পরও বার্সাকে বেছে নেয়ার অর্থ সেখানে খেলতে চাওয়া। আমি নিশ্চিত, ভিটর একজন অসাধারণ খেলোয়াড় হবে। তবে বার্সা যদি তাকে না খেলায়, তবে আমাদের অন্য ব্যবস্থা দেখতে হবে। ভেতরে কী হচ্ছে আমি জানি না।’
চলতি মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন রক। এই ১৩ ম্যাচে সব মিলিয়ে ৩১০ মিনিট মাঠে থেকে তিনি গোল করেছেন ২টি। তবে দলে জায়গা পেতে তাকে প্রতিদ্বন্দ্বীতা করতে হচ্ছে রবার্ট লেভানদোভস্কির মতো তারকার বিপক্ষে।