ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ধোনি নিজের দলকে ডোবাচ্ছে’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯, ৬ মে ২০২৪
‘ধোনি নিজের দলকে ডোবাচ্ছে’
মহেন্দ্র সিং ধোনি। ছবি- সংগৃহীত

ধর্মশালায় পাঞ্জাব কিংসকে হারিয়েছে চেন্নাই সুপার কিংস। দল জিতলেও ম্যাচটিতে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মূলত তার ব্যাটিং পজিশন নিয়ে সমালোচনায় মেতেছেন ভারতের সাবেক দুই তারকা ইরফান পাঠান ও হরভজন সিং।

পাঞ্জাবের বিপক্ষে চেন্নাই ভালো শুরু পায়নি। দলের কঠিন সময়ে ধোনি ব্যাট করতে আসেন নয় নম্বরে। তার আগে তিনি পাঠান শার্দুল ঠাকুরকে। এদিন নয় নম্বরে নেমে প্রথম বলেই বোল্ড হন তিনি। আর তাতেই সমালোচিত হচ্ছেন এই ক্রিকেটার।

ক্যারিয়ারে এই প্রথমবার নয় নম্বরে ব্যাট করতে নামলেন ধোনি। তার আগে মিচেল স্যান্টনার ও শার্দুল ঠাকুর ব্যাট করেন। এতে বেশ ক্ষুব্ধ ইরফান পাঠান। স্টার স্পোর্টসে বক্তব্য রাখার সময় ইরফান পরিষ্কার জানিয়ে দেন, চেন্নাই যদি প্লে অফে প্রবেশ করে তাহলে ধোনির এই পরিকল্পনা খুব একটা কাজে লাগবে না। 

Advertisement

তিনি বলেন, ‘ধোনি যদি নয় নম্বরে ব্যাট করতে আসে সেটা চেন্নাইয়ের জন্য কাজে লাগবে না। এটা দলের জন্য কাজে লাগবে না। আমি জানি ওর বয়স ৪২, তবে ও তো ভালো ফর্মে আছে। ওর উচিত ছিল উপরের দিকে ব্যাটিং করতে এসে দায়িত্ব নেয়ার। কম করে ওর চার বা পাঁচ ওভার ব্যাট করা উচিত। ও শেষের দুই ওভার ব্যাট করছে আর সেটা দলের কোনো কাজে লাগছে না। চেন্নাই যদি প্লে অফে প্রবেশ করে যেখানে সব ম্যাচ জিততে হবে সেখানে সিনিয়র হিসেবে ওকে আরো উপরে ব্যাট করতে আসতে হবে।’

এদিন ধোনির নিন্দা করেন ২০১১ বিশ্বকাপজয়ী ভারতীয় স্পিনার হরভজন সিংও। তিনি বলেন, ‘ধোনি যদি নয় নম্বরে ব্যাট করতে নামে তাহলে দরকার নেই। এর থেকে ভালো হচ্ছে ওকে বসিয়ে একজন পেসারকে খেলানো। ও তো সিদ্ধান্ত নেয় এবং ও নিজের টিমকে ডোবাচ্ছে। শার্দুল ঠাকুর ওর আগে এলো এবং শার্দুল ওর মতো বড় শট খেলতে পারে না। আমি জানি না কেন ধোনি এসব সিদ্ধান্ত নিচ্ছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!