ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ-২০২৪

তাসকিন-মাহেদীর তোপে মহাবিপদে জিম্বাবুয়ে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৩৭, ৩ মে ২০২৪
তাসকিন-মাহেদীর তোপে মহাবিপদে জিম্বাবুয়ে
ছবি- সংগৃহীত

ঘরের মাঠে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে লড়ছে বাংলাদেশ দল। যেখানে তাসকিন আহমেদ ও শেখ মাহেদী হাসানের বোলিং তোপে ছয় উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছে সফরকারীরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ৬.২ ওভারে ছয় উইকেটে ৩৮ রান।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এতে আগে ব্যাটিং করছে জিম্বাবুয়ে।

Advertisement

টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেয়েছে জিম্বাবুয়ে। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন ক্রেইগ আরভিন ও জয়লর্ড গাম্বি। তবে ভয়ানক হয়ে ওঠার আগেই এ জুটিতে আঘাত হানেন শেখ মাহেদী।

ইনিংসের দ্বিতীয় ওভারে ক্রেইগ আরভিনকে বোল্ড করেন মাহেদী। দুই বলেও রানের খাতা খুলতে ব্যর্থ হন জিম্বাবুয়ের বাঁহাতি এই ওপেনার।

পরে উইকেটে আসেন ব্রায়ান বেননেট। শুরুর ধাক্কা সামলে তার সঙ্গে ২৮ রানের জুটি গড়েন গাম্বি। তবে গাম্বির বিদায়ে ভেঙে যায় তাদের সেই জুটি।

পঞ্চম ওভারে সাইফউদ্দিনের ফুল লেংথের বল ফ্লিক করতে গিয়ে তাসকিনের তালুবন্দী হন গাম্বি। আউট হওয়ার আগে ১৭ রান করেন তিনি।

তার বিদায়ের পর ক্রিজে আসেন শন উইলিয়ামসন। তবে তাকে সঙ্গ দেওয়ার আগেই রানআউটের শিকার হন বেননেট। রিয়াদের দ্রুতগতির থ্রোতে তাকে আউট করেন জাকের আলী।

এরপর বাইশ গজে আসেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। শেখ মাহেদীর লেংথ বলে প্যাডেল সুইপ করতে গিয়ে বিপাকে পড়েন তিনি। প্রথম স্লিপে লিটনের তালুবন্দী হন। যদিও সেই আউটের বিরুদ্ধে আপিল করেছিলেন রাজা। তাতে অবশ্য কোনো লাভ হয়নি। শূন্য রানে আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি।

উইকেটে এসেই মারমুখী হতে চেয়েছিলেন রায়ান বার্ল। তাতে অবশ্য সফল হননি তিনি। তাসকিনের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে রিশাদের হাতে ক্যাচ দেন। কোনো রান যোগ করার আগেই সাজঘরের পথ ধরেন তিনিও।

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মহাবিপদে পড়েছে জিম্বাবুয়ে। টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটারকে হারিয়ে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় আছে দলটি।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!