ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

মুস্তাফিজের শেষ ম্যাচে হারল চেন্নাই

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:২১, ২ মে ২০২৪
মুস্তাফিজের শেষ ম্যাচে হারল চেন্নাই
ফাইল ছবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে প্রথমবারের মত উইকেট ছাড়া ম্যাচ শেষ করেছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। গতরাতে টুর্নামেন্টের ৪৯তম ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ৪ ওভারে ১ মেডেনে ২২ রান দিয়ে উইকেটশুন্য থাকেন ফিজ।

এমন ম্যাচে পাঞ্জাবের কাছে ৭ উইকেটে হেরেছে চেন্নাই। নিজেদের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬২ রান করে চেন্নাই। ৫টি চার ও ২টি ছক্কায় ৪৮ বলে ৬২ রান করেন ঋতুরাজ।

জবাবে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোর ৩০ বলে ৪৬ এবং দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর ২৩ বলে ৪৩ রানের উপর ভর করে ১৩ বল বাকি রেখেই ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।

চতুর্থ বোলার হিসেবে আক্রমণে এসে নিজের প্রথম ওভারে ৩ রান দেন মুস্তাফিজ। দ্বিতীয় ওভারে দেন ১০ রান। তৃতীয় ওভারে মেডেন নেন এই বাঁ-হাতি পেসার। শেষ ওভারে ৫টি ওয়াইড দিয়ে মোট ৯ রান দেন মুস্তাফিজ।

এবারের আইপিএলে এই প্রথম কোন ম্যাচে উইকেটহীন থাকলেন মুস্তাফিজ। আগের ৮ ম্যাচেই কমপক্ষে ১টি হলেও উইকেট নিয়েছেন তিনি। তাই আইপিএলের শেষটা রঙ্গীন হলো না ফিজের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পহেলা মে পর্যন্ত আইপিএল খেলার অনাপত্তিপত্র পেয়েছেন মুস্তাফিজ। তবে ব্যক্তিগত পারফরমেন্সে চূড়ায় থেকে আইপিএলের ইতি টেনেছেন তিনি।

৯ ম্যাচে ৩৪ দশমিক ২ ওভার বল করে ৩১৮ রান দিয়ে ১৪ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। সর্বোচ্চ ১৪ টি করে উইকেট আছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জাসপ্রিত বুমরাহ ও পাঞ্জাব কিংসের হার্শাল প্যাটেলেরও।

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!