ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জোড়া গোল করে দলকে ফাইনালে তুললেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৭, ২ মে ২০২৪
জোড়া গোল করে দলকে ফাইনালে তুললেন রোনালদো
ছবি- সংগৃহীত

নিজের সর্বশেষ দুই ম্যাচে গোলশূন্য ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। কিং কাপের সেমিফাইনালে সেই ঝাল মেটাল পর্তুগিজ তারকা। আল খালিজের বিপক্ষে করেছেন জোড়া গোল। তাতে আসরের শিরোপা নির্ধারণী মঞ্চে উঠেছে তার দল আল নাসর।

রিয়াদে কিং কাপের সেমিফাইনালে আল খালিজের মুখোমুখি হয়েছিল আল নাসর। ম্যাচটিতে প্রতিপক্ষকে ৩-১ গোলে হারিয়েছে রোনালদোর দল। দলের হয়ে দুটি গোল করেন রোনালদো, বাকি একটি গোল করেছেন সেনেগাল সুপারস্টার সাদিও মানে।

আগামী ৩১ মে জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে শিরোপা জয়ের লড়াইয়ে আল হিলালের মুখোমুখি হবে আল নাসর।

Advertisement

ম্যাচের প্রথমার্ধের ১৭তম মিনিটে প্রতিপক্ষের বসনিয়ান গোলকিপার ইব্রাহিম সেহিকের শিশুসুলভ ভুলে আল নাসরকে এগিয়ে (১-০) নেন ক্রিস্টিয়ানো রোনালদো।

৩৭তম মিনিটে নিজেদের বক্সে হ্যান্ডবল করেন আল খালিজের ফুটবলার। রোনালদো নিজে পেনাল্টি শট না নিয়ে বল এগিয়ে দেন সাদিও মানের দিকে। সফল স্পটকিকে আল নাসরের গোল ব্যবধান দ্বিগুন করেন সেনেগালিজ তারকা।

বিরতির পর ৫৭তম মিনিটে জোড়া গোল পূর্ণ করেন রোনালদো। প্রথমে তার শট রুখে দেন গোলকিপার সেহিক। তবে ফিরতি শটে বল জালে জড়ান পর্তুগিজ কিংবদন্তি।

ম্যাচের ৭৭তম মিনিটে বাজে পরিস্থিতির মুখে পড়ে আল খালিজ। ইনজুরির কারণে মাঠ ছাড়তে বাধ্য হন রক্ষণভাগের খেলোয়াড় মোহামেদ আল খাবরানি। এর আগে ৫ ফুটবলার বদলি করায়, শেষ দিকে ১০জন নিয়ে খেলতে হয় দলটিকে।

এর মধ্যে ৮২তম মিনিটে আল খালিজের হয়ে সান্ত্বনাসূচক একটি গোল পরিশোধ করেন ফাওয়াজ আল তোরাইস। 

এদিকে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের দৌড় থেকে অনেক আগে ছিটকে গেছে আল নাসর। বিদায় নিয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে। আল হিলালের কাছে হেরে সৌদি সুপার কাপের সেমিফাইনালে থেমে যেতে হয় রোনালদোদের।

চলতি মৌসুমে ট্রফিহীন থাকার সম্ভাবনা তৈরি হয়েছিল দলটির। তবে মৌসুমের শেষ দিকে এসে অন্তত একটি শিরোপা জয়ের সম্ভাবনা জেগেছে সৌদি ক্লাবটির।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!