সিরিজের প্রথম ম্যাচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। দাপুটে ক্রিকেট খেলে দ্বিতীয় টি-২০তে জয় তুলে নিয়েছিল পাকিস্তান। তবে তৃতীয় ও চতুর্থ টি-২০তে খেই হারিয়ে নিউজিল্যান্ডের কাছে ম্যাচ হেরেছে স্বাগতিকরা। এতে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাবর আজমের দল।
সিরিজের চতুর্থ টি-২০ হারের পর বাবর আজম বলেন, আমরা তো পরীক্ষা করছি। তবে তার এমন মন্তব্যে বেশ চটেছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার ও বোর্ড কর্তা রমিজ রাজা।
.png)
তিনি বলছেন, একই খেলোয়াড়কে দলে নেয়া হয়েছে। কিন্তু তাদের পজিশন ও দলে তাদের ভূমিকা পরিবর্তন করা হয়েছে। ফলে কেউ তাদের পরিবর্তিত জায়গায় ভালো খেলেননি। যার কারণেই চতুর্থ টি-২০ ম্যাচেও হেরেছে স্বাগতিকরা।
নিজের ইউটিউব চ্যালেনে রমিজ রাজা বলেন, “এখানে পরীক্ষা-নিরীক্ষা চলছে। ‘তথাকথিত পরীক্ষা’। একই খেলোয়াড়দের দলে নেয়া হয়েছে। শুধু তাদের পজিশন পরিবর্তন করা হয়েছে। কাউকে বেঞ্চে রাখা হয়েছে, আবার অন্যদের খেলার সুযোগ দেওয়া হয়েছে।”
তিনি আরো বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ যে, পাকিস্তান দলকে এখনই জয়ের দিকে মনোনিবেশ করতে হবে। তারা বেঞ্চের শক্তি পরীক্ষা করছে, এমন অজুহাত দেওয়া যাবে না। তারা কিছু খেলোয়াড়ের দক্ষতা মূল্যায়ন করার চেষ্টা করছে। যে কারণে তারা তাদের নিম্নমানের পারফরম্যান্সকে ন্যায্যতা দিচ্ছে। যদি আমরা ম্যাচ হেরে যাই, দয়া করে আমাদের সহ্য করুন।’
গতকাল লাহোরে নিউজিল্যান্ডের দেওয়া ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪ রানে হেরেছে স্বাগতিকরা। এই হারে সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে গেল পাকিস্তান।