ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইপিএলের ‘সান্তা ক্লজ’ ধোনি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৫২, ২১ এপ্রিল ২০২৪
আইপিএলের ‘সান্তা ক্লজ’ ধোনি
ছবি: সংগৃহীত

মহেন্দ্র সিং ধোনি কি এবারের আইপিএলের ‘সান্তা ক্লজ’? একের পর এক ম্যাচে সমর্থকদের মন জয় করছেন তিনি। সে ব্যাট হাতেই হোক, বা অন্যভাবে। চলতি আইপিএলে ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি ধোনির আরো একটি রূপ ধরা পড়েছে। দুই ম্যাচে দুই সমর্থকের স্বপ্নপূরণ করেছেন তিনি।

প্রথমটি চেন্নাই বনাম মুম্বাই ম্যাচে। চেন্নাইয়ের ইনিংসের শেষ চার বলের জন্য ব্যাট করতে নেমে ২০ রান করেন ধোনি। হার্দিক পান্ডিয়াকে পর পর তিন বলে তিনটি ছক্কা হাঁকান তিনি। ইনিংস শেষে ধোনি যখন সাজঘরে যাচ্ছেন তখন দেখেন সিঁড়িতে একটি বল পড়ে রয়েছে। বলটি তুলে পাশেই দর্শকদের মধ্যে থাকা একটি বাচ্চা মেয়েকে দিয়ে দেন ধোনি।

মেয়েটির নাম মেহের। পরে সম্প্রচারকারী চ্যানেল মেহেরের একটি ভিডিও প্রকাশ করে। সেখানে জানা যায়, সে ক্রিকেটের প্রশিক্ষণ নেয়। বাঁ হাতে ব্যাট করে। ভিডিওতে মেহের বলে, ধোনি স্যার আমাকে বলটা উপহার দিয়েছেন। আমি খুব খুশি। এই বলটা আমি রেখে দেব। আশা করছি আমি একদিন ভারতীয় দলে খেলব। আমিও একদিন কোনো সমর্থককে এই বলটা উপহার দেব।

Advertisement

পরে চেন্নাই বনাম লখনৌ ম্যাচেও এক ভক্তের ইচ্ছাপূরণ করেন ধোনি। বিশেষভাবে সক্ষম একটি ছেলে ধোনিদের অনুশীলন দেখতে এসেছিলেন। হাতে ধোনির একটি ছবি নিয়ে এসেছিলেন তিনি। ছবিটি তিনি নিজে এঁকেছেন।

তার ইচ্ছা ছিল ছবিটিতে ধোনির স্বাক্ষর নেবেন। ম্যাচের আগের দিন অনুশীলন শেষে ফেরার পথে ধোনি সেই ছেলেটিকে দেখতে পান। তিনি এক নিরাপত্তারক্ষীকে নির্দেশ দেন ছবিটি নিয়ে আসার জন্য। তারপর তাতে স্বাক্ষর করেন ধোনি।

এসবের কারণে ধোনিকে সান্তা ক্লজ বললে ভুল হবে কি?

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!