চলমান ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দারুণ বোলিং করে ১৮ উইকেট নিয়ে জানান দিয়েছেন, জাতীয় দলে ফিরতে প্রস্তুত নাসুম। ব্রাদার্সের বিপক্ষে ১০ বছরের লিস্ট-এ ক্যারিয়ারের সেরা বোলিং ফিগারের দেখা পেয়েছেন এই বাঁহাতি স্পিনার।
অবশ্য এর আগেও পাঁচ উইকেট পেয়েছেন নাসুম, তবে এবার মাত্র ২২ রান দিয়ে। জাতীয় দলের ক্রিকেটার বলেই তার উপর সবসময় ম্যানেজেমেন্টের নজর থাকে। ধারাবাহিক হলেও, আলোচনায় আসার মতো বোলিং ফিগার কম। আর তাই লিগ পর্বের শেষ ম্যাচটাকেই যেন বেছে নিয়েছিলেন নাসুম আহমেদ।
.png)
সবশেষ বিশ্বকাপে লাল সবুজ জার্সিতে তিনটা ম্যাচ খেলেছিলেন। প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স হয়নি বৈশ্বিক আসরে। ১৫ ওয়ানডেতে ১২ উইকেট পাওয়া এই স্পিনারের উপর তাতে ধৈর্য্য হারায় ম্যানেজমেন্ট। তাই শ্রীলংকা সিরিজে তাইজুলকে সুযোগ দেয়া।
নাসুমের মূল অস্ত্র আর্ম ডেলিভারি। কিন্তু সময়ের ব্যবধানে এ বাঁহাতি স্পিনারকে বিচার বিশ্লেষণ করে ব্যাটাররা আগে থেকে প্রস্তুত থাকেন। বোলিংয়ে আরও বৈচিত্র্য আনার ভাবনা তার। ওয়ানডে কিংবা টি-২০. নাসুম হঠাৎ করেই যেন কোথাও নেই।
কেন নেই, সে প্রশ্নের উত্তর খুঁজতে চান না নাসুম। বরং ঘরোয়া লিগের বাকি ম্যাচগুলোকে নিচ্ছেন গুরুত্বের সঙ্গে। নতুন স্পিন কোচ মোস্তাক আহমেদের কাছ থেকে শিখতে চান। আর নিজেকে শাণিত করে ফিরতে চান জাতীয় দলে।