ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বেনজেমার দ্রুততম গোলে ফাইনালে ইত্তিহাদ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:২২, ৯ এপ্রিল ২০২৪
বেনজেমার দ্রুততম গোলে ফাইনালে ইত্তিহাদ
ছবি- সংগৃহীত

ম্যাচ শুরু হওয়ার এক মিনিটও অতিক্রম করেনি। এর মধ্যেই আল ওয়েহদার জালে বল। ম্যাচ শুরুর মাত্র ৫৫ সেকেন্ডেই আল ইত্তিহাদের হয়ে দ্রুততম গোলটি করেন করিম বেনজেমা। শেষ পর্যন্ত আল ওয়েহদাকে ২-১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ।

সুপার কাপের সেমিফাইনালে ৫৫ সেকেন্ডে গোল করে বেনজেমা ভেঙে দেন আল ফাতেহের স্ট্রাইকার ডোরিস সালোমোর রেকর্ড। ২০১৩ সালে দ্রুততম গোলটি করেছিলেন তিনি।

শুধু দ্রুততম গোলই নয়, ২০২৪ সাল এই প্রথম কোনো গোলের দেখা পেলেন বেনজেমা। রিয়াল মাদ্রিদ থেকে আল ইত্তিহাদে যোগ দেয়ার পর বাজে ফর্ম, ইনজুরিতেই সময় কাটছে বেনজেমার। যে কারণে ২০ ম্যাচে সব মিলিয়ে মাত্র ৯টি গোল পেয়েছেন তিনি।

Advertisement

ম্যাচের শুরুতে বেনজেমার গোলে এগিয়ে যাওয়ার পর ৪২তম মিনিটে আল ইত্তিহাদের গোল দ্বিগুণ করেন আব্দেররাজ্জাক হামেদুল্লাহ। রোমারিনহার ক্রস থেকে গোলটির দেখা পান তিনি।

ইনজুরি সময়ে (৯০+১ মিনিট) এসে প্রথমে গোলের দারুণ সুযোগ মিস করেন মরক্কোর মিডফিল্ডার ফায়সেল ফজরস। এর খানিক পরেই আল ওয়েহদার হয়ে একমাত্র গোলটি করেন হুসাইন আহমেদ আল ইসা। তবে সেটি স্রেফ হারের ব্যবধানই কমিয়েছে।

আগামী বৃহস্পতিবার আবুধাবিতে অনুষ্ঠিত হবে সুপার কাপের ফাইনাল। যেখানে আল ইত্তিহাদের প্রতিপক্ষ আল হিলাল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!