ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘জাতীয় দল থেকে আবাহনী এখন শক্তিশালী’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৫, ৭ এপ্রিল ২০২৪
‘জাতীয় দল থেকে আবাহনী এখন শক্তিশালী’
খালেদ মাহমুদ সুজন

চলছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ। যেখানে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররাও। এবারের আসরে তারকানির্ভর দল গড়েছে আবাহনী। স্বাভাবিকভাবেই মাঠের খেলাতেও শক্তিমত্তার ছাপ স্পষ্ট, এখন পর্যন্ত ৯ ম্যাচের ৯টিতে জিতেছে খালেদ মাহমুদ সুজনের দল।

এবারের আসরে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত থেকে শুরু করে শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিকসহ অনেক তারকা আছেন আবাহনীর ডেরাতে। আবাহনীর এই শক্তির কথা শান্তকে মজার ছলে মনে করিয়ে দিয়েছেন দলটির কোচ খালেদ মাহমুদ।

আজ মিরপুরে মাহমুদ সংবাদমাধ্যমকে বলেন, ‘আবাহনী এখন জাতীয় দল থেকে…আমি কাল শান্তকে হাসতে হাসতে বলছিলাম, তোর জাতীয় দল থেকে আমার আবাহনী এখন শক্তিশালী। সুতরাং যারা আবাহনীর জন্য প্রতিদিন অনুশীলন করছে, পারফর্ম করছে, তাদের উড়িয়ে দেওয়ার সুযোগ নাই।’

Advertisement

লিটন প্রসঙ্গে তিনি বলেন, ‘লিটন দেশসেরা ব্যাটার। ওর জন্য দরজা খোলা আছে। যদি দলের ও রকম প্রয়োজন পড়ে, অবশ্যই লিটন…সে আবাহনীর হয়ে অনেক বছর ধরে খেলছে। পারফর্ম করছে। যদিও আমরা তাকে গত দুই বছর অনেক কম পেয়েছি। খেলাতে পারিনি, খেলতে পারেনি।’

আবাহনী অনেক পেশাদার জানিয়ে সুজন আরো বলেন, ‘আমি মনে করি ওরা (ক্রিকেটাররা) পেশাদার। আমি আমার সেরা দলটাই নেব। শান্ত এসেছে। মোসাদ্দেক খুবই ভালো ছিল শেষ আট ম্যাচে। দিন শেষে আমি চ্যাম্পিয়ন হতে চাই।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!