ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোনালদোর হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে আল নাসরের ৮ গোল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৫৩, ৩ এপ্রিল ২০২৪
রোনালদোর হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে আল নাসরের ৮ গোল
ক্রিস্টিয়ানো রোনালদো

বয়সটা প্রায় ৪০ ছুঁইছুঁই। এমন সময়ে অন্য ফুটবলাররা বুটজোড়া তুলে রাখেন। তবে ব্যতিক্রম পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। এখনো অদম্য গতিতে ছুটে চলছেন তিনি। একসময় ইউরোপিয়ান লিগে দাপট দেখিয়েছেন। এখন দাপট দেখাচ্ছেন সৌদি প্রো লিগে।

বয়স বেড়েছে ঠিকই, কমেনি রোনালদোর পায়ের ধার। আল তাইয়ের বিপক্ষে হ্যাটট্রিকের পরের ম্যাচে গত রাতে আভার বিপক্ষেও হ্যাটট্রিক করেছেন সিআর সেভেন। এতে করে প্রতিপক্ষকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আল নাসর। 

মঙ্গলবার (২ এপ্রিল) সৌদি প্রো লিগের ম্যাচে আভা ক্লাবের মুখোমুখি হয় আল নাসর। ম্যাচের অর্ধেক সময়েই আভার জালে পাঁচ গোল দেয় আল নাসর। প্রথমার্ধেই হ্যাটট্রিক পূর্ণ করেন পর্তুগিজ তারকা। ফুটবল ক্যারিয়ারে এটি তার ৬৫তম হ্যাটট্রিক।

Advertisement

বাকিদের মাঝে আব্দুল আজিজ আল আলিওয়া করেন জোড়া গোল। একটি করে গোল করেন সাদিও মানে, আল সুলাইহিম ও আব্দুল রহমান গারিব। ৬৫তম হ্যাটট্রিক করে চিরপ্রতিদ্বন্দ্বী মেসিকে আরো পেছনে ফেললেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল উভয়ক্ষেত্রেই হ্যাটট্রিকের দিক দিয়ে পিছিয়ে মেসি।

৮ বারের ব্যালন ডি’অরজয়ী মেসি ক্যারিয়ারে এখন পর্যন্ত ৫৭টি হ্যাটট্রিক করেছেন। যার মধ্যে ৪৮টি ক্লাবের হয়ে, বাকি ৯টি আর্জেন্টিনার জার্সি গায়ে। অন্যদিকে রোনালদো পর্তুগালের জার্সি গায়ে করেছেন ১০টি হ্যাটট্রিক। বিভিন্ন ক্লাবের জার্সিতে তিন বা তার অধিক গোল করেছেন ৫৫ বার। 

প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে আভার বিপক্ষে প্রথমার্ধের পাঁচটি গোলেই অবদান রাখেন রোনালদো। নিজের হ্যাটট্রিক তুলে নেয়া ছাড়াও বাকি দুই গোলে দুর্দান্ত অ্যাসিস্ট করেন পর্তুগিজ মহাতারকা। এদিন ম্যাচের ১১তম মিনিটে প্রথম গোলের দেখা পান রোনালদো। 

ম্যাচের ২১তম মিনিটে দলের লিড দ্বিগুণ করেন ৫ বারের ব্যালন ডি’অরজয়ী। দলের হয়ে তৃতীয় গোলটি করেন সেনেগালিজ তারকা সাদিও মানে। ৩৩ মিনিটে করা তার এই গোলে বলের যোগান দেন রোনালদো। ৪২ মিনিটে দলের চতুর্থ এবং নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো।

দুই মিনিট পর আল সুলাইহিমের করা গোলেও অ্যাসিস্ট করেন পর্তুগিজ সুপারস্টার। বিরতির পর আরও তিন গোল করে আল নাসর। ম্যাচের ৫১তম মিনিটে দলের লিড আরও বাড়ান আব্দুলরহমান গারিব।

এরপর আলআলিওয়া ম্যাচের ৬৩ ও ৮৬তম মিনিটে দলের হয়ে সপ্তম ও অষ্টম গোলটি করেন। এই জয়ের ফলে ২৬ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে আল নাসর। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট সমান ম্যাচে ৭৪।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!