২০০৮ সালে শুরু হওয়া এ টুর্নামেন্টটির এবার ১৭তম মৌসুম চলছে। আইপিএলের শুরুর দিক থেকে যারা এখনো খেলছেন, তাদের একজন রবিচন্দ্রন অশ্বিন।
২০০৯ সালে চেন্নাই সুপার কিংসের জার্সিতে শুরু, এরপর কয়েকটি ফ্র্যাঞ্চাইজি ঘুরে এবার রাজস্থান রয়্যালসের জার্সিতে খেলছেন অশ্বিন। বলা যায়, চোখের সামনে আইপিএলের বেড়ে ওঠা দেখেছেন ৩৭ বছর বয়সী অফ স্পিনার। তবে ক্রিকেট, বলিউড, বিজ্ঞাপন, টাকা-পয়সা মিলিয়ে আইপিএলের ঝনঝনানি এতটাই যে, অশ্বিনের মাঝে মাঝে আইপিএলকে ক্রিকেটই মনে হয় না।
.png)
সম্প্রতি ‘ক্লাব প্রেইরি ফায়ার’ নামক একটি পডকাস্ট অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অশ্বিন। সেখানে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন ও অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার অ্যাডাম গিলক্রিস্টের সঙ্গে আলাপকালে আইপিএলের বিস্তৃত হওয়ার বিষয় নিয়ে কথা বলেছেন।
অশ্বিন বলেন, ‘আমি যখন প্রথম আইপিএল খেলতে এসেছিলাম, বড় বড় তারকাদের দিকে তাকিয়ে থাকতাম। তখন ভাবিনি দশ বছর পর আইপিএল কোথায় চলে যাবে। এতগুলো বছর কাটিয়ে দেয়ার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আইপিএল অনেক বড় প্রতিযোগিতা। ক্রিকেটের পাশাপাশি এখানে আরও অনেক কিছু আছে।’
বাইশ গজের ব্যাট-বলের লড়াই ছাপিয়ে গেছে মাঠের বাইরে। নির্দিষ্ট দলের প্রচারণার বাইরেও স্পন্সর প্রতিষ্ঠানের পেছনে অনেক সময় ব্যয় হয় ক্রিকেটারদের। সবকিছুর মাঝে ক্রিকেটটা গৌণ হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন এই তারকা স্পিনার।
তিনি বলেন, ‘আমার তো প্রায়ই মনে হয়, আইপিএল আদৌ ক্রিকেট কি না। কারণ এখানে স্পোর্টসটা থাকে ব্যাকস্টেজে। এটি বিশাল আয়োজন। এমনও সময় গেছে যখন আমরা বিজ্ঞাপনের শ্যুটিংয়ের মাঝে অনুশীলন করেছি। মাঠে অনুশীলনের সময়ই পাইনি।’