চট্টগ্রামে টস জিতে আগে ব্যাটিং করে শ্রীলংকা। এতে ফিল্ডিংয়ে যেতে হয় বাংলাদেশকে। যেখানে নিজেদের বোলিং ইনিংসের শেষদিকে এসে অন্যরকম এক বিপাকে পড়তে হয়েছে টিম টাইগার্সকে। মুস্তাফিজুর রহমান মাঠ ছাড়েন ক্র্যাম্পয়ের কারণে।
এর এক ওভার পরেই জাকের আলী অনিক ক্যাচ নিতে গিয়ে সংঘর্ষে জড়ান এনামুল হক বিজয়ের সঙ্গে। দুজনেই মাঠ ছেড়েছেন স্ট্রেচারে। তবে বিপাকে বাংলাদেশ পড়েছে সৌম্য সরকারের ইনজুরির কারণে।
.png)
বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে হাঁটুতে ব্যাথা পান সৌম্য। এতে মাঠ ছাড়তে হয় তাকে। মাঠ থেকে উঠে যাওয়ার পর বাংলাদেশের ইনিংস শুরু করার মত অবস্থানে নেই তিনি। যার কারণে কনকাশন সাব হিসেবে ওপেন করতে নেমেছেন তামিম।
ম্যাচের ফুটেজে দেখা যায়, পায়ের হাঁটুতে ব্যাথা পেয়েছেন সৌম্য। পরে জানা যায়, ঘাড়ে ও মাথায় আঘাত পেয়েছেন তিনি।
গত ম্যাচেই দারুণ এক অর্ধশতক করেছিলেন সৌম্য। এই ম্যাচে তার প্রতি প্রত্যাশাও ছিল বেশি। কিন্তু ব্যাথা পেয়ে তিনি উঠে যাওয়ায় তানজিদ তামিমকেই নামাতে হয়েছে।
কনকাশন সাবের নিয়ম অনুযায়ী, কোনো ক্রিকেটার মাথায় আঘাত পেলে তার দল যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য ব্যাটারের বদলে ব্যাটার ও বোলারের বদলে বোলার নামানোর সুযোগ পায় দলগুলো।