চলতি মৌসুমে মেসিকে ছাড়া একটিমাত্র ম্যাচেই খেলতে নেমেছিল মায়ামি। মন্ট্রিয়েলের বিপক্ষে সেই ম্যাচেই হেরে বসে তারা। এই এক তথ্যেই বোঝা যায় টাটা মার্তিনোরা মেসিনির্ভর।
আগের ম্যাচে মন্ট্রিয়েলের বিপক্ষে মেসিকে ছাড়া খেলতে নেমে হার দেখেছিল মায়ামি। তবে বৃহস্পতিবার ভোরে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ন্যাশভিলের বিপক্ষে মেসিকে নিয়ে খেলতে নেমে ৩-১ গোলের সহজ জয় পায় দ্য হিরনরা। এই জয়ে নিশ্চিত হয়েছে তাদের কোয়ার্টার ফাইনাল।
.png)
যদিও এই ম্যাচে পুরো ৯০ মিনিট মাঠে থাকতে পারেননি মেসি। তার আগে প্রথমার্ধের ৮ মিনিটে সুয়ারেজকে দিয়ে গোল করানোর পর ২৩ মিনিটে নিজেই গোল করেন মেসি। কিন্তু দ্বিতীয়ার্ধে মাঠে নামার পাঁচ মিনিট পরেই মাঠ থেকে উঠে যান মেসি।
ন্যাশভিলের বিপক্ষে ম্যাচে বেশ কয়েকবার মেসিকে অস্বস্তিতে ভুগতে দেখা যায়। দ্বিতীয়ার্ধে তাকে তুলে নিতেই ফের ইনজুরির শঙ্কা মাথাচাড়া দিয়েছে। এরপর ইন্টার মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো জানিয়েছেন, আগামী শনিবার (১৬ মার্চ) ডিসি ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে মেসিকে খেলাবেন না তিনি।
চলতি মৌসুমের ব্যস্ত সূচি মেসির ওপর একটু বেশিই ভার ফেলছে। তাতে ক্লান্তি যেমন বাড়ছে, ইনজুরি শঙ্কাও বাড়ছে। তার ডান নিতম্বে অস্বস্তির বিষয়টি স্বীকারও করে নিয়েছেন কোচ টাটা মার্তিনো। তিনি বলেন, ‘(মেসির) ডান নিতম্বে অতিরিক্ত চাপ লাগছে। আমরা দেখতে চেষ্টা করছি এটা সে সামলে নিতে পারে কি-না, কিন্তু এটা অস্বস্তিকর এবং আমরা তার বের হয়ে আসাটাকেই গুরুত্ব দিয়েছি।’
তিনি যোগ করেন, ‘তাকে (মেসি) পাওয়া যাচ্ছে না (শনিবারের ম্যাচে), এই একটা ব্যাপারই আমি বলতে পারি যা সামনে ঘটতে যাচ্ছে। তারা সম্ভবত এটার কিছু ছবি রেখেছে, আমরা দেখব এটা কতদূর গড়ায়।’
মেসির ইনজুরি শঙ্কা আর্জেন্টিনার কপালেও বাড়াচ্ছে দুশ্চিন্তার ভাঁজ। আগামী ২২ ও ২৬ মার্চ এল সালভেদর ও কোস্টারিকার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচ সামনে রেখে আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রে অনুশীলন ক্যাম্প করবে আর্জেন্টিনা।
প্রীতি ম্যাচ দুটিতে খেলতে হলে এই অনুশীলন ক্যাম্পে যোগ দিতেই হবে মেসিকে। এমন সময়ে ইনজুরির শঙ্কা লিওনেল স্ক্যালোনির দলের জন্য বিপদের কারণ হতে পারে।