হামজা বাংলাদেশের হয়ে খেলবেন এমন গুঞ্জনে আনন্দিত দেশের কোটি ফুটবলপ্রেমীরাও। শুধু তারাই নয়, জাতীয় দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাও চান হামজা বাংলাদেশের হয়ে খেলবেন। তিনি আশাবাদী, ‘হামজা বাংলাদেশের হবেন অচিরেই।’
অপরদিকে বাফুফে সহসভাপতি ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রধান কাজী নাবিল আহমেদও জানিয়েছেন, ‘হামজার সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে। তিনি অচিরেই ভালো খবর দেওয়ার কথা বলেছেন।’
.png)
এদিকে দীর্ঘ তিন মাস পর বুধবার (১৩ মার্চ) বাফুফেতে পা রাখেন সংগঠনটির সভাপতি কাজী সালাউদ্দিন। এদিন নানান কথার ভিড়ে হামজাকে নিয়েও কথা বলেন তিনি।
হামজাকে নিয়ে এক প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন, ‘বিষয়টি অত সহজ না (হামজার বাংলাদেশের হয়ে খেলা)। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সে বা আমরা চাইলেই তো হবে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি লাগবে। হামজার ক্লাবকে রাজি হতে হবে, ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের রাজি হতে হবে। বাফুফে থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। হামজাকে আমরা আনতে চাই।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাফুফে সভাপতির উক্তি ব্যবহার করে একটি গ্রাফিক্যাল কার্ড প্রায়ই দেখা যায়। হামজার ব্যাপারে কাজী সালাউদ্দিন নাকি বলেছেন, তাকে বাংলাদেশের লিগে খেলে যোগ্যতা প্রমাণ করতে হবে।
এ ব্যাপারে তার বক্তব্য জানতে চাইলে বাফুফে বসের সাফ কথা, ‘আমাকে দেখলে কি পাগল মনে হয়! হামজাকে বাংলাদেশের লিগে কেন যোগ্যতা প্রমাণ করতে হবে। আমি তো পাগল না, আমি নিজে ফুটবলার ছিলাম। আমি অমন কথা কেন বলতে যাব?’