ক্রিকেটের অভিজাত সংস্করণ টেস্টে ম্যাচ ফি বেড়েছে সর্বোচ্চ ২ লাখ টাকা। এছাড়া ১ লাখ টাকা বেড়েছে ওয়ানডেতে। সবচেয়ে কম ৫০ হাজার টাকা করে বেড়েছে টি-২০ সংস্করণে। বিসিবির ক্রিকেট অপারেশন্স সূত্র দেশের এক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত হয়েছে।
টেস্টে এর আগে ম্যাচ ফি ছিল ৬ লাখ টাকা, যা এখন বেড়ে হয়েছে ৮ লাখ টাকা। ওয়ানডের ম্যাচ ফি ৩ লাখ টাকা থেকে বেড়ে ৪ লাখ টাকা হয়েছে। আর টি-২০তে ২ লাখ টাকা থেকে বেড়ে হয়েছে ২ লাখ ৫০ হাজার টাকা।
.png)
এর আগে সবশেষ ২০২০ সালে ম্যাচ ফি বাড়ানো হয়েছিল। সেবার ৩ লাখ ৫০ হাজার টাকা থেকে বেড়ে টেস্টে ম্যাচ ফি হয়েছিল ৬ লাখ টাকা, ওয়ানডেতে ২ লাখ থেকে ৩ লাখ, আর টি-২০তে ১ লাখ ২৫ হাজার থেকে ২ লাখ টাকা।
এ বছর ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে তিন সংস্করণে আছেন সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম। টেস্ট ও ওয়ানডেতে আছেন কেবল মুশফিকুর রহিম। শুধু টেস্টে আছেন মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।
এছাড়া ওয়ানডে ও টি-২০তে আছেন তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ। শুধু ওয়ানডেতে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব। শুধু টি-২০তে নাসুম আহমেদ, শেখ মাহেদী ও কাজী নুরুল হাসান সোহান।
ম্যাচ ফি অবশ্য কেন্দ্রীয় চুক্তির সঙ্গে সম্পর্কিত নয়। চুক্তির বাইরে থাকা ক্রিকেটারও কোনো আন্তর্জাতিক ম্যাচ খেললে সংস্করণ অনুযায়ী ম্যাচ ফি পেয়ে থাকেন।