এমন উত্তাপ ছড়ানো ম্যাচে কোন দলকেই হারের মুখ দেখতে হয়নি। ঘরের মাঠ অ্যানফিল্ডে পেপ গার্দিওলার শিষ্যদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
প্রথমার্ধে ম্যানচেস্টার সিটিকে জন স্টোনস এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে লিভারপুলকে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান আলেক্সিস মাক আলিস্তার।
.png)
২৩তম মিনিটে গিয়ে এগিয়ে যায় সিটিজেনরা। ডি ব্রুইনার পাওয়া ক্রস বক্স থেকে দারুণ শটে লক্ষ্যভেদ করেন স্টোনস। মাক আলিস্তারকে আটকে রেখে তাকে বল পেতে সাহায্য করেন নাথান আকে। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়াতে পারত সিটি। কেইলি ওয়াকারের বাড়ানো বল টেনে বক্সে ডি ব্রুইনাকে খুঁজে নেন আর্লিং হলান্ড। তবে ঠিকঠাক শট নিতে পারেননি বেলজিয়ান তারকা।
বিরতির পর সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে লিভারপুল। সুযোগও পায় তারা। বক্সে দারউইন নুনেস ফাউলের শিকার হন নাথান আকের। তাইতে পেনাল্টি পায় স্বাগতিকরা। ৫০তম মিনিটে সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা আলিস্তার। ৬৩তম মিনিটে দারুণ এক সুযোগ পায় লিভারপুল। সালাহর বাড়ানো বল টেনে নিয়ে ওর্তেগাকে পাস দেন লুইস দিয়াস। কিন্তু ওর্তেগার নেওয়া শট ওপর দিয়ে উড়ে যায়।
লিভারপুল-ম্যানসিটির ড্র করাতে লাভ হলো আর্সেনালেরই। একদিন আগে যে তারা শীর্ষে উঠেছিল, সেখান থেকে আর সরে আসতে হয়নি গানারদের, শীর্ষেই রইলো। যদিও লিভারপুল আর আর্সেনালের পয়েন্ট সমান, ২৮ ম্যাচে ৬৪ করে। তবে গোল ব্যবধানে এগিয়ে আর্সেনাল। সমান ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৬৩।
লিগের এখনও ১০টি করে ম্যাচ বাকি। তবে এখন থেকেই প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চলবে ইঁদুর-দৌড় খেলা। কে কাকে ছাড়িয়ে যেতে পারেন, সে চেষ্টাই চলবে একের পর এক।