ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজ ২০২৪

বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯, ৬ মার্চ ২০২৪
বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ
ছবি- সংগৃহীত

গত দেড় বছরে টি-২০ সংস্করণের সিরিজে হারের রেকর্ড নেই বাংলাদেশের। তবে নতুন বছরে ঘরের মাঠে শ্রীলংকার কাছে সিরিজের প্রথম ম্যাচ হেরেছে টাইগাররা। আর তাতেই তিন ম্যাচের টি-২০ সিরিজটি হাতছাড়া হওয়ার শঙ্কা জেগেছে স্বাগতিকদের। যদিও সিরিজ রক্ষার আশা এখনো শেষ হয়নি। সেই লক্ষ্যেই আজ সিরিজের দ্বিতীয় টি-২০তে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। খেলা দেখাবে টি-স্পোর্টস।

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ৩ রানে হেরেছে টিম টাইগার্স। হারের ব্যবধান মাত্র ৩ রানের হলেও বাংলাদেশ যে এই ম্যাচে ভালো খেলতে পারেননি সেটা বোঝা যায়, মাহমুদউল্লাহ আর জাকের আলি অনিকের ইনিংস বাদ দিলে।

Advertisement

গত সোমবারের ম্যাচে তিন বাংলাদেশি পেসার খরচ করেন ১২৯ রান। ওভারপ্রতি রান দিয়েছেন ১০ এর বেশি। মাপহীন আর এলোমেলো বোলিংয়ে বাংলাদেশকে ডুবিয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আজ বুধবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিরিজে লড়াইয়ে ফিরতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের।

দেড় বছরের জয়যাত্রা চলমান রাখতে আজকের ম্যাচে টাইগারদের ঘুরে দাঁড়াতেই হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ব্যাটিংবান্ধব পিচে দায়িত্ব নিয়ে বোলিং করতে হবে শরিফুল-তাসকিন-মুস্তাফিজদের।

এর আগে আরব আমিরাত, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, আফগানিস্তানের কেউ হারাতে পারেনি টাইগারদের। আরব আমিরাতের বিপক্ষে (২০২২ সালে) তাদেরই মাটিতে ২-০ ব্যবধানে, গেল ২০২৩ সালের মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ তে, আয়ারল্যান্ডের বিপক্ষে ২-১ এ এগিয়ে আর ২০২৩ সালের জুলাইতে আফগানিস্তানের বিপক্ষে দেশের মাটিতে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

যে কারণে, টি-২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের আত্মবিশ্বাস বাড়াতে হলে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাঠে যে দল ভালো খেলবে তারাই জিতবে। এখন দেখা যাক, মাঠের খেলায় কে কেমন পারফর্ম করে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!