ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পগবার নিষিদ্ধ হওয়া ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০৯, ৪ মার্চ ২০২৪
পগবার নিষিদ্ধ হওয়া ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি
পল পগবা

ডোপিং আইন ভঙ্গ করায় পল পগবার চার বছরের নিষেধাজ্ঞা ফুটবলের জন্য অনেক বড় ক্ষতি হিসেবে মন্তব্য করেছেন জুভেন্টাস কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। তার মতে, ফুটবল অসাধারণ এক প্রতিভাকে হারিয়ে ফেললো।

মৌসুমের শুরুতে নিষিদ্ধ টেস্টোস্টেরোন সেবনের দায়ে ইতালির অ্যান্টি ডোপিং ট্রাইব্যুনাল পগবাকে চার বছরের জন্য নিষিদ্ধ করেছে। এর ফলে ৩০ বছর বয়সী এই ফরাসি তারকার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে। 

স্থানীয় গণমাধ্যমকে এ সম্পর্কে অ্যালেগ্রি বলেন, ‘এটা অবশ্যই ফুটবলের জন্য একটি হতাশাজনক খবর। আমরা একজন অসাধারণ খেলোয়াড়কে হারালাম। তার সঙ্গে কাজ করতে পারা, তাকে কোচিং করানো আমার জন্য সত্যিই সৌভাগ্যের। মানুষ হিসেবেও সে চমৎকার।’

Advertisement

এই নিষেধাজ্ঞার বিপক্ষে সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিটেশনে (সিএএস) আপিলের সিদ্ধান্ত নিয়েছেন পগবা। শাস্তির পর সমবেদনা জানিয়ে পগবাকে বার্তা পাঠিয়ছেন অ্যালেগ্রি। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।

ফরাসি মিডফিল্ডার পগবা ২০১৮ সালে বিশ্বকাপ জয় করেছেন। ২০২২ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে ফিরে আসার পর তুরিনের জায়ান্টদের হয়ে খুব কমই মাঠে নামতে পেরেছেন। ইনজুরি ও সম্প্রতি ডোপিং নিষেধাজ্ঞা তার মাঠে নামার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। 

এদিকে পগবার প্রতিনিধি জানিয়েছেন, মৌসুমের শুরুতে যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের পরামর্শে ফুড সাপ্লিমেন্ট হিসেবে টেস্টোস্টেরন গ্রহণ করেছিলেন পগবা। সিএএস নিশ্চিত করেছেন এই নিষেধাজ্ঞার কারণে ২০২৭/২৮ মৌসুমের আগ পর্যন্ত আর মাঠে নামতে পারবে না তিনি।

ঐ সময় পগবার বয়স হবে ৩৪ বছর। ডোপিং টেস্টে পজিটিভ হবার ঘটনা পগবার জন্য জুভেন্টাসের ফিরে আসার প্রথম মৌসুমটাই কঠিন করে তুলেছে। এবারের মৌসুমে মাত্র ১০ ম্যাচ খেলেছেন পগবা। ইনজুরির কারণে কাতার বিশ্বকাপেও খেলতে পারেননি তিনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!