ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

‘সাকিব’কে হারিয়ে যা বললেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৩, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
‘সাকিব’কে হারিয়ে যা বললেন তামিম
ফাইল ছবি

তামিম ইকবাল ও সাকিব আল হাসান, দেশের ক্রিকেটের দুই মহাতারকা। চলমান বিপিএলে একজন একটি দলের অধিনায়ক, আরেকজন নন। তবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবার কাছেই রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের ম্যাচ যেন হয়ে দাঁড়িয়েছিল এই দুই তারকার লড়াই।

টুর্নামেন্টজুড়ে সাকিব-তামিমের মুখোমুখি লড়াই মানেই চরম উত্তেজনা। লিগ পর্বে দুইবার মুখোমুখি হওয়ার পর দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হয় তারা। যেখানে সাকিবের রংপুরকে হারিয়ে ফাইনালে চলে গেছে তামিমের বরিশাল। সাকিব আল হাসানের দলকে ৬ উইকেটে পরাজিত করেছে তামিম ইকবালের দল। 

বুধবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচ জয় শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে তামিম জানিয়েছেন ভক্তদের সমর্থনের কথা, যা অন্য কোনো দলের থেকে অনেক বেশি। ফরচুন কাপ্তান বলেন, ‘বরিশালের হয়ে বিপিএলে এটা আমার প্রথম আসর। বরিশালের পক্ষে এত সমর্থন, আমি অবাক।’

Advertisement

এরপর তিনি বলেন, ‘আসলে এটা অবিশ্বাস্য। অনেক তারকা আছে অন্যান্য দলে, তবে আমরা যে সমর্থন পেয়েছি, তা অন্য কোনো দল পায়নি। শেষ ২-৩ ওভারে আমরা যেভাবে বল করেছি, আরও ভালো করা যেত। শামীম অসাধারণ কিছু শট খেলেছে। ওদের ১২৫ রানের মধ্যে আটকে রাখা উচিত ছিল।’

রংপুরকে আরও কম রানে আটকানো উচিত ছিল জানিয়ে তামিম বলেন, ‘টস জেতাটা গুরুত্বপূর্ণ ছিল। আমাদের দল এখানেই এগিয়ে গেছে। প্রথম ইনিংসে পেসারদের জন্য উইকেটে সহায়তা ছিল। তবে উইকেটে যতই সহায়তা থাকুক, ঠিক জায়গায় বল না করলে হবে না।’

বরিশাল টিম গেমেই এগিয়েছে জানিয়ে তামিম বলেন, ‘এমন টুর্নামেন্টে ১-২ জনের ওপর নির্ভর করলে হয় না। কোনো দিন আমি পারফর্ম করেছি, কখনো মুশফিক, কখনো মাহমুদউল্লাহ, কখনো অন্য কেউ। আরও একটা ম্যাচ আছে। কেউ একজন নিশ্চয়ই বিশেষ কিছু করে দলকে জেতাবে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!