ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অনলাইনে প্রতারণার শিকার ভারতীয় ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২৪
অনলাইনে প্রতারণার শিকার ভারতীয় ক্রিকেটার
দীপক চাহার

অনলাইনে খাবারের অর্ডার দিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার দীপক চাহার। অথচ তিনি খাবার হাতে পাওয়ার আগেই মোবাইলের অ্যাপে ফুটে উঠল, তিনি খাবার পেয়েছেন! বিস্মিত ক্রিকেটার সংশ্লিষ্ট সংস্থায় ফোন করলে, তাকে ‘মিথ্যাবাদী’ বলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

সম্প্রতি খাদ্য সরবরাহকারী অ্যাপের মাধ্যমে খাবার কেনার তিক্ত অভিজ্ঞতা সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেছেন দীপক। ক্ষোভ উগরে দিয়ে ভারতীয় দলের এই ক্রিকেটার লিখেছেন, ‘ভারতে নতুন প্রতারণা। জোমাটোর অ্যাপ দেখাচ্ছে, আমাকে খাবার পৌঁছে দেয়া হয়েছে! অথচ আমি কিছুই পাইনি।’

তিনি আরও লেখেন, ‘সংস্থার গ্রাহক পরিষেবায় ফোন করে বিষয়টি জানালে দাবি করা হয়েছে, আমাকে খাবার পৌঁছে দেয়া হয়েছে। তবু আমি মিথ্যা বলছি। আমি নিশ্চিত বহু মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়েছেন। জোমাটোকে সংযুক্ত করে সবাই নিজেদের অভিজ্ঞতা জানান।’

Advertisement

এদিকে রোববার (২৫ ফেব্রুয়ারি) করা দীপকের পোস্ট ভাইরাল হওয়ার পর টনক নড়েছে জোমাটো কর্তৃপক্ষের। এক্সে প্রতিষ্ঠানটির তরফে দীপকের ক্ষোভের উত্তরে লেখা হয়েছে, ‘দীপক, আমরা আপনার অভিজ্ঞতার কথা জেনে অত্যন্ত উদ্বিগ্ন।’

তারা যোগ করেছে, ‘এমন অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী। এই ধরনের বিষয়গুলি আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করি। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। বিষয়টির দ্রুত সমাধানের জন্য আমরা বিস্তারিত ভাবে খতিয়ে দেখছি।’

এরপর দীপক আবার লেখেন, ‘আমি বিষয়টি তুলে ধরতে চেয়েছিলাম। কারণ বহু মানুষ এ রকম সমস্যায় পড়েন। টাকা ফেরত দিয়ে এ রকম সমস্যার সমাধান হয় না। টাকায় মানুষের পেট ভরে না।’

দীপকের এমন অভিযোগের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুর মিলিয়েছেন অনেকে। অনেকের অভিযোগ, দীপক ভারতীয় দলের সদস্য। পরিচিত মুখ। তাই পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করছে সংস্থাটি। সাধারণ মানুষদের ক্ষেত্রে এমন তৎপরতা দেখা যায় না।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!