ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
ফরাসি লিগ ওয়ান

বদলি এমবাপ্পের গোলেই জিতল পিএসজি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৬, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
বদলি এমবাপ্পের গোলেই জিতল পিএসজি
ছবি- সংগৃহীত

ফরাসি জায়ান্ট প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি) ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। এমন ঘোষণার একদিন পরেই বেঞ্চে জায়গা হয়েছিল তার। যদিও দ্বিতীয়ার্ধের পরেই মাঠে নামেন তিনি। আর বদলি হিসেবে নেমেই দলের জয় নিশ্চিত করেছেন ফরাসি এ ফুটবলার।

রোববার ফরাসি লিগ ওয়ানের ম্যাচে নঁতেকে বিপক্ষে মাঠে নামে পিএসজি। ম্যাচটিতে নঁতেকে ২-০ গোলে হারিয়েছে প্যারিসিয়ানরা। 

এদিন দ্বিতীয়ার্ধে লুকাস হার্নান্দেসের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর পেনাল্টি জিতে নেন এমবাপ্পে এবং তা থেকে গোল আদায় করে নেন। এই জয়ে ১৪ পয়েন্টের ব্যবধান নিয়ে শীর্ষস্থান মজবুত করল লুইস এনরিকের দল।

Advertisement

আগামী গ্রীষ্মেই পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে এমবাপ্পের। তার আগেই অবশ্য ক্লাব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। তার সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ। যে ক্লাবে পাড়ি জমানোর গুঞ্জন চলছে গত কয়েক বছর ধরেই। তবে যাওয়ার আগে পিএসজিকে শিরোপা জেতানোর পথেই আছেন তিনি।  

কিছুদিন আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে গোলের দেখা পেয়েছিলেন এমবাপ্পে। ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার নতুন মৌসুমে যা তার চতুর্থ গোল। আর ঘরোয়া লিগে এ মৌসুমে এখন পর্যন্ত গোল করেছেন ২১টি।  

প্রসঙ্গত, পিএসজির জার্সিতে এখন পর্যন্ত ২৯০ ম্যাচে ২৪৪টি গোল করার পাশাপাশি ৯৩টি অ্যাসিস্ট করেছেন এমবাপ্পে। পিএসজিকে ৫ বার লিগ ওয়ানের শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড। এবার তার লক্ষ্য ষষ্ঠ শিরোপা। যা জিতেই ক্লাব ছাড়বেন তিনি।  

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!