ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রোহিতই থাকছেন ভারতের অধিনায়ক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:০২, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
রোহিতই থাকছেন ভারতের অধিনায়ক
রোহিত শর্মা

এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হবে টি-২০ বিশ্বকাপ। আসন্ন এ আসরে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। রাজকোটে একটি অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ। 

২০২২ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের পর গেল বছর পর্যন্ত সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের জার্সিতে কোন ম্যাচ খেলেননি রোহিত। এতেই রোহিতের টি-২০ ক্যারিয়ার শেষ বলে গুঞ্জন ওঠে।

কিন্তু হঠাৎ করেই এ বছরের শুরুতে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজে অংশ নেন তিনি। অধিনায়ক হিসেবেই পুনরায় দলে ফিরেন রোহিত।

Advertisement

তারপরও টি-২০ বিশ্বকাপ দলে রোহিতকে রাখা হবে কি-না, তা নিয়ে আলোচনা অব্যাহত ছিলো। সব শংকাকে উড়িয়ে দিয়েছেন জয় শাহ। 

সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম পরিবর্তন করে নিরঞ্জন শাহ স্টেডিয়াম নামকরণ অনুষ্ঠানে জয় শাহ জানান, ‘এক বছর পর দলে ফিরে সম্প্রতি আফগানিস্তান সিরিজে নেতৃত্ব দেওয়ার অর্থই হলো সে অবশ্যই (টি-২০ বিশ্বকাপে) দায়িত্ব পালন করবে।’

২০২২ সালের টি-২০ বিশ্বকাপেও ভারতকে নেতৃত্ব দিয়েছেন রোহিত। ঐ আসরের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যায় টিম ইন্ডিয়া। এরপর টি-২০ দলে রোহিত না থাকায় ভারতকে নেতৃত্ব দিয়েছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।

তবে সম্প্রতি টি-২০তে ভারতকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। ভবিষ্যতে হার্দিককে আবারও অধিনায়ক হিসেবে দেখা যাবে বলে জানিয়েছেন জয় শাহ, ‘নিশ্চিতভাবেই (ভবিষ্যতে) টি-২০তে অধিনায়ক হবে হার্দিক।’ 

গেল বছর ঘরের মাঠে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে রোহিতের নেতৃত্বে টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে উঠে ভারত। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় রোহিতের দল।

আগামী টি-২০ বিশ্বকাপ পর্যন্ত ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ই থাকবেন বলেও নিশ্চিত করেছেন জয় শাহ। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!