ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হংকংয়ে দুয়ো শুনলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:১৯, ৫ ফেব্রুয়ারি ২০২৪
হংকংয়ে দুয়ো শুনলেন মেসি
ছবি- সংগৃহীত

প্রাক মৌসুম প্রস্তুতিটা ভালো যাচ্ছিল না মেজর লিগ সকারের (এমএলএস) ইন্টার মায়ামির। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরে বেরিয়েছিল তারা। যেখানে সৌদি আরবে দুই ম্যাচেই পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছিল তারা। তবে এবার ভাগ্য বদলেছে মায়ামির। 

রোববার এশিয়া সফরের শেষ ম্যাচে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজকে ছাড়াই হংকং একাদশকে ৪-১ গোলে হারিয়েছে মায়ামি। মেসি-সুয়ারেজবিহীন মায়ামিকে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪০ মিনিট পর্যন্ত। রবার্ট টেলরের গোলে প্রথম লিড পায় তারা। এর ৩ মিনিট পরই হংকং একাদশ সমতায় ফিরলে প্রথমার্ধ শেষ হয় ১-১ ড্রয়ে। 

সমতায় থেকে দ্বিতীয়ার্ধে মায়ামি নামলেও মাঠে নামা হয়নি মেসি-সুয়ারেজের। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় তারা। ম্যাচের ৫০তম মিনিটে মায়ামিকে এগিয়ে দেন লসন কনারি সান্ডারল্যান্ড। এর ৬ মিনিট পর স্কোরলাইন ৩-১ করেন লিওনার্দো কাম্পানা। ম্যাচের শেষদিকে ৮৫ মিনিটে মায়ামির পক্ষে ব্যবধান ৪-১ করেন রায়ান সেইলর।

Advertisement

পুরো ম্যাচে মায়ামি কোচ সাতজন খেলোয়াড় পরিবর্তন করলেও মেসি কিংবা সুয়ারেজকে বদলি হিসেবেও মাঠে নামায়নি। অথচ ম্যাচের আগের দিন মেসির অনুশীলন দেখতেই হাজারো সমর্থকের ঢল নেমেছিল হংকং স্টেডিয়ামে। ধারণা করা হচ্ছে, চোটের কারণে বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে খেলায়নি মায়ামি কোচ।

ম্যাচটিকে ঘিরে সাজ সাজ রব পড়ে গিয়েছিল হংকংয়ের অলিগলিতে। বিশ্বের ‘সেরা’ ফুটবলার লিওনেল মেসির পায়ের জাদু দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন সেখানকার হাজারো ফুটবলপ্রেমী। রাস্তায় রাস্তায় শোভা পাচ্ছিল মেসির ছবি সম্বলিত বড় বড় বিলবোর্ড। রেপ্লিকা জার্সি বিক্রি হয়েছে রেকর্ড দামে। রীতিমতো কাড়াকাড়ি চলেছে টিকিটের জন্য।  

ম্যাচ শুরুর আগেই স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ। অনেক দর্শকের হাতে প্রিয় খেলোয়াড় মেসির জন্য লেখা প্ল্যাকার্ড, কারও গায়ে মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সি। ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগানে প্রকম্পিত গ্যালারি। কিন্তু হায়! যার জন্য এতকিছু, সেই তাকে যে এক সেকেন্ডের জন্যও মাঠে নামতে দেখা গেল না। 

ইন্টার মায়ামির এমন কাণ্ডে অবাক দর্শকরা শেষদিকে দুয়ো দিতে শুরু করেন খোদ মেসিকে উদ্দেশ্য করেই। দর্শকদের রোষ থেকে বাদ যাননি ক্লাবের অন্যতম মালিক ডেভিড বেকহ্যামও। অনেক দর্শক এমনকি স্টেডিয়াম ছাড়ার সময় রাগে গজরাতে গজরাতে ফেরত চাইলেন টিকিটের টাকাও।

ম্যাচ শেষে নিজের আসন ছেড়ে উঠে আসেন বেকহ্যাম। সমর্থকদের উদ্দেশে হাত নেড়ে সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাকে দেখে উল্টো গ্যালারিতে বহু দর্শক উল্টো করে বুড়ো আঙুল (থাম্বস ডাউন) দেখাতে শুরু করেন। বহু দর্শক চিৎকার করে টিকিটের অর্থ ফেরত চাইতে শুরু করেন। কিন্তু সবটাই ব্যর্থ হয়েছে। 

তবে হংকংয়ের সরকার দর্শকদের কষ্ট উপলব্ধি করে এক বিবৃতি দিয়েছে। যেখানে তারা লিখেছে, ‘মেসিকে না খেলানোয় আয়োজকদের ওপর ফুটবল সমর্থকদের মতোই হতাশ সরকারও। ফুটবল সমর্থকদের কাছে এর ব্যাখ্যা দেওয়া উচিত আয়োজকদের।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!