ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অভিষেক টেস্টেই আহত হয়ে হাসপাতালে ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:৫৬, ৪ ফেব্রুয়ারি ২০২৪
অভিষেক টেস্টেই আহত হয়ে হাসপাতালে ক্রিকেটার
ছবি: সংগৃহীত

অভিষেক টেস্ট ম্যাচ যেকোনো ক্রিকেটারের জীবনেরই অন্যতম স্মরণীয় মুহূর্ত। তবে সেটাই যে দুঃস্বপ্ন হয়ে এসেছে শ্রীলংকার তরুণ ফাস্ট বোলার চামিকা গুনাশেকারার জন্য। অভিষেক ম্যাচের পুরোটা যে খেলতে পারলেন না তিনি!

কলম্বোয় অভিষেক টেস্ট খেলতে নেমে ব্যাট করার সময় মাথায় আঘাত পেয়েছেন গুনাশেকারা। এরপর আর মাঠে ফিরতে পারেননি ২৪ বছরের ক্রিকেটার। তার পরিবর্ত হিসাবে শ্রীলংকার প্রথম একাদশে এসেছেন কাসুন রাজিথা।

মূলত ফাস্ট বোলার হলেও গুনাশেকারার ব্যাটের হাত খারাপ নয়। গত শুক্রবার (২ ফেব্রুয়ারি) আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছে তার। রোববার সকালে ব্যাট করতে নেমেছিলেন আট নম্বরে।

Advertisement

শ্রীলংকার ইনিংসের ১০৭তম ওভারে আফগানিস্তানের ফাস্ট বোলার নাভিদ জাদরানের একটি বাউন্সার নিচু হয়ে এড়ানোর চেষ্টা করেন গুনাশেকারা। বলের বাউন্স ঠিক মতো বুঝতে পারেননি তিনি। বল প্রত্যাশিত উচ্চতায় না ওঠায় তার হেলমেটে লাগে।

সেই বলে লেগ বাই হিসাবে চার রানও পায় শ্রীলংকা। হেলমেটে বল লাগায় সঙ্গে মাঠে আসেন শ্রীলংকা দলের চিকিৎসক এবং ফিজিও। প্রাথমিক পরীক্ষার পর তারা গুনাশেকারাকে খেলা চালিয়ে দেওয়ার অনুমতিও দেন।

১১০তম ওভার চলার সময় মাথায় যন্ত্রণা অনুভব করেন তিনি। আবার মাঠে ছুটে আসেন শ্রীলংকার মেডিক্যাল স্টাফেরা। গুনাশেকারা অস্বস্তি বোধ করায় তাকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। পরে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন গুনাশেকারা। জানা গেছে, অন্তত ২৪ ঘণ্টা হাসপাতালে থাকতে হবে তাকে। আফগানিস্তানের প্রথম ইনিংসে ৫০ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। আহত হয়ে মাঠ ছাড়ার আগে করেছেন ১৬ রান।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!