গত এক দশকে এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নেই তিন টেনিস সুপারস্টার নোভাক জকোভিচ, রাফায়েল নাদাল ও রজার ফেদেরার। শুধু অস্ট্রেলিয়ান ওপেনই নয়, গত এক দশকে কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালই হয়নি, যেখানে এই ‘বিগ থ্রি’র একজনও ছিলেন না!
সুইস তারকা রজার ফেদেরার বছর দুয়েক আগে টেনিস ছেড়েছেন। ক্যারিয়ারের সায়াহ্নে উপনীত রাফায়েল নাদালও। ব্যতিক্রম জকোভিচ। ছত্রিশেও পেশাদার সার্কিটে তার সরব উপস্থিতি। এবার সেমিতে তার বিদায়ে স্বাভাবিকভাবে বিশ্ব টেনিসে পালাবদলের প্রশ্নটা আসছেই।
.png)
আজকের অস্ট্রেলিয়ান ওপেনের দুই ফাইনালিস্ট রাশিয়ার দানিল মেদভেদেভ ও ইতালির ইয়ানিক সিনার। এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল জয়ীর তৈরি হতে পারে ধারাবাহিকতার ভিত। দানিল মেদভেদেভকে অবশ্য উদীয়মান বলা যাবে না।
২০১৪ সালে পেশাদার সার্কিটে পা রাখা রুশ প্রতিযোগীর বয়স ২৭। ২০২১ ইউএস ওপেনজয়ী এই তারকা চলতি অস্ট্রেলিয়ান ওপেনের আগে পাঁচটি গ্র্যান্ড স্লামের ফাইনাল খেলেছেন। এবারের ফাইনাল জিতলে সেটা তার ধারাবাহিক হয়ে ওঠার গল্পই বলবে।
কাগজে-কলমে আজকের ফাইনালে মেদভেদেভ ফেবারিটও। এটিপি র্যাঙ্কিংয়ে সিনারের অবস্থান ৪। মেদভেদেভের ৩। সিনারের ১০ এটিপি শিরোপার বিপরীতে তার শোকেসে ২০টি শিরোপা। গ্র্যান্ড স্লামে এটাই সিনারের প্রথম ফাইনাল। মেদভেদেভের ষষ্ঠ।
মুখোমুখি লড়াইয়ে সিনারের চেয়ে ঢের এগিয়ে মেদভেদেভ। এ পর্যন্ত ৯ সাক্ষাতের ৩টিতে জিতেছেন সিনার। মেদভেদেভের জয় ৬টিতে। চলমান অস্ট্রেলিয়ান ওপেনেও দুর্দান্ত খেলেছেন সিনার। ফাইনালে ওঠার পথে ৬টি ম্যাচ খেলেছেন।
শুধু জকোভিচের বিপক্ষে সেমিফাইনালে টাইব্রেকে হারা সেটটি বাদ দিলে দ্বিতীয় কোনো সেট হারেননি সিনার। তাহলে আজ জিতবেন কে? উত্তরটা সময়ের হাতেই। তবে ফাইনালের আগেই বলা যায়, নতুন চ্যাম্পিয়নকে দেখবে অস্ট্রেলিয়ান ওপেন।