ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তৃতীয় দামি ক্লাবে উঠে এলো মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৮, ২৭ জানুয়ারি ২০২৪
তৃতীয় দামি ক্লাবে উঠে এলো মেসির মায়ামি
সংগৃহীত ছবি

ইউরোপের পাট চুকিয়ে পিএসজি থেকে গত বছরের জুন মাসে ইন্টার মায়ামিতে যোগ দেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। নিঃসন্দেহে তার এই সাইনিং মেজর লিগ সকারের শ্রেষ্ঠ সাইনিং। যার প্রভাব দেখা গেছে মাঠে ও মাঠের বাইরে। একটি দুর্বল দল অর্থনৈতিক ও খেলার দিক থেকে অনেক এগিয়ে যাওয়ার একমাত্র কারণ মেসিই।  

যুক্তরাষ্ট্রে মেসি আসার পর শুধু ইন্টার মায়ামি নয়, বরং মেজর সকার লিগের জনপ্রিয়তা খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে। শুধু তাই নয় ব্র্যান্ড ভ্যালুও বাড়তে থাকে তাদের। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে ডেভিড বেকহ্যামের যে ক্লাবটি স্ট্রাগল করে যেত, মেসিকে দলে ভেড়ানোয় আয় বেড়েছে সেই ইন্টার মায়ামিরও। 

মেজর লিগ সকারের (এমএলএস) সবচেয়ে দামি ক্লাবের তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে মায়ামি। এ তথ্য জানিয়েছে খেলাধুলার তথ্য-উপাত্ত নিয়ে গবেষণা ও বিশ্লেষণের কাজ করা প্রতিষ্ঠান ‘স্পোর্টিকো’।

Advertisement

মেসি যোগ দেওয়ার আগে বাজারমূল্যের দিক থেকে এমএলএসের ২৯টি ক্লাবের মধ্যে ১০ নম্বরে ছিল ইন্টার মায়ামি। এক বছরের কম সময়ের ব্যবধানে সেই ক্লাবটিই সাত ধাপ এগিয়েছে। ফ্লোরিডা অঙ্গরাজ্যের এই ক্লাবের দাম গত এক বছরে বেড়েছে ৭৪ শতাংশ।

বর্তমানে ইন্টার মায়ামির বাজারমূল্য ১০২ কোটি ডলার। ১১৫ কোটি ডলার বাজারমূল্যের লস অ্যাঞ্জেলেস এফসি আছে সব দলের শীর্ষে। তাদের থেকে ১০ কোটি ডলার কমে ১০৫ কোটি ডলার বাজারমূল্য নিয়ে দ্বিতীয় স্থানে আছে আটলান্টা ইউনাইটেড।

১০০ কোটি ডলার বাজারমূল্য নিয়ে তালিকার চারে আছে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি। এবারই প্রথম এমএলএসের চারটি ক্লাবের বাজারমূল্য শত কোটি ডলার ছুঁয়েছে। গত বছর প্রথম ক্লাব হিসেবে এই অঙ্ক ছুঁয়েছিল লস অ্যাঞ্জেলেস এফসি।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!