মঙ্গলবার আইসিসির ঘোষিত বর্ষসেরা ওয়ানডে একাদশের ভেতর ৬ জনই ভারতের। দলটির অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া থেকে সুযোগ পেয়েছেন কেবল দুজন ক্রিকেটার। এছাড়া দক্ষিণ আফ্রিকার দুজন ও নিউজিল্যান্ডের আছেন একজন।
গত বছর ব্যাট হাতে দারুণ সময় কেটেছে রোহিতের। ৫২ গড়ে করেছেন ১ হাজার ২৫৫ রান। ওপেনিংয়ে সঙ্গী হিসেবে পেয়েছেন জাতীয় দলের সতীর্থ শুভমান গিলকে। একটি ডাবল সেঞ্চুরিসহ ১ হাজার ৫৮৪ রান করে গত বছরের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন ডানহাতি এই ব্যাটার।
.png)
তিন নম্বরে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের অন্যতম রূপকার ট্রাভিস হেডকে। আর বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড করা বিরাট কোহলি আছেন চারে। গত বছর ছয়টি সেঞ্চুরিসহ ১ হাজার ৩৭৭ রান করেছেন তিনি।
১ হাজার ২০৪ রান করে নিউজিল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে একাদশে জায়গা করে নেন ড্যারিল মিচেল। ব্যাট হাতে বিধ্বংসী সব ইনিংস খেলা দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেনও আছেন একাদশে। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন তারই স্বদেশি মার্কো জানসেন। স্পিনার হিসেবে আছেন গত বছর ৩৮ উইকেট নেয়া অ্যাডাম জ্যাম্পা।
পরের জায়গাগুলো দখলে নিয়েছেন ভারতীয়রাই। কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ দুজনেই গত বছর শিকার করেছেন ৪০-এর অধিক উইকেট। একাদশের শেষ ক্রিকেটার হিসেবে আছে বিশ্বকাপে আগুনে বোলিং করা মোহাম্মদ শামির নাম।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হেনরিখ ক্লাসেন, মার্কো জানসেন, অ্যাডাম জ্যাম্পা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি।