ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

একসঙ্গে অবসরে উইন্ডিজের চার ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৩, ১৯ জানুয়ারি ২০২৪
একসঙ্গে অবসরে উইন্ডিজের চার ক্রিকেটার
ফাইল ছবি

আন্তর্জাতিক ক্রিকেট থেকে একসঙ্গে অবসরের ঘোষণা দিয়েছেন ২০১৬ সালে প্রথম নারী টি-২০ বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়া ওয়েস্ট ইন্ডিজের চার ক্রিকেটার। প্রায় আট বছর আগে জেতা শিরোপাই এই সংস্করণে উইন্ডিজ নারী ক্রিকেট দলের একমাত্র শিরোপা। যে দলে ছিলেন তারা।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। সিডব্লুআই জানিয়েছে, চারজনই ‘সম্প্রতি’ বোর্ডকে তাদের অবসরের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তারা হলেন- আনিসা মোহাম্মদ, শাকেরা সেলমান, কিসিয়া নাইট ও কিশোনা নাইট। 

ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দলে ২০ বছরের ক্যারিয়ারে ওয়ানডে ও টি-২০ মিলিয়ে ১৫৮টি ম্যাচ খেলে ৩০৫ উইকেট শিকার করেন আনিশা। পুরুষ-নারী উভয় ক্যাটাগরি মিলিয়ে প্রথম কোনো ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-২০তে ১০০ উইকেটের মাইলফলকে পৌঁছেন ৩৫ বছর বয়সী এই নারী ক্রিকেটার।

Advertisement

২০০৩ সালে জাপানের বিপক্ষে ওয়ানডে দিয়ে উইন্ডিজের নারী দলে মাত্র ১৫ বছর বয়সে আনিসার অভিষেক হয়। ২০২২ সালের মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচটিই আনিসার আন্তর্জাতিক ক্যারিয়ারে সবশেষ ম্যাচ হয়ে রইল। 

অন্যদিকে ২০০৮ সালে ডাবলিনে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হয় শাকেরা সেলমানের। ওয়ানডে ও টি-২০তে যথাক্রমে ৮২ ও ৫১ উইকেট নিয়েছেন তিনি, খেলেছেন ১০০ ওয়ানডে ও ৯৬ টি-২০।

কিসিয়া ও কিশোনা দুই ক্রিকেটার যমজ বোন। দুজনই আগামী ফেব্রুয়ারিতে ৩২ বছর পূর্ণ করবেন। কিসিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ২০১১ সালে। ৮৭ ওয়ানডে খেলে করেন ১৩২৭ রান। টি-২০তে ৭০ ম্যাচে তার রান ৮০১। মূলত তিনি উইকেটরক্ষক ব্যাটার।

অন্যদিকে ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন কিশোনা। ৫১ ওয়ানডে ম্যাচে করেন ৮৫১ রান। ৫৫ টি-২০তে তার রান ৫৪৬। 

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!