এবারের মৌসুমে বিশ্বকাপজয়ী মেসির সমান ভোট পেয়েও দ্বিতীয় হতে হয়েছে হালান্ডকে। মূলত, ফিফা ‘দ্য বেস্ট’-এর একটি নিয়মের কারণেই অ্যাওয়ার্ডটি জিততে পারেননি ম্যানসিটির তারকা এই ফুটবলার।
লন্ডনে সোমবার (১৫ জানুয়ারি) রাতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ বিজয়ীদের নাম ঘোষণা করে ফিফা। যেখানে হালান্ডের সমান ৪৮ পয়েন্ট পেয়েও পুরস্কার জিতে নেন মেসি। ফিফা ‘দ্য বেস্ট’-এর নিয়মের কারণেই সমান পয়েন্ট পেয়েও পুরস্কার জিততে পারেননি হালান্ড।
.png)
ফিফা ‘দ্য বেস্ট’-এর রুলস অব অ্যালোকেশনের ১২ নম্বর ধারাতে বলা আছে, একাধিক ফুটবলারের পয়েন্ট সমান হলে সেরা খেলোয়াড় নির্বাচনে জাতীয় দলের অধিনায়কদের ভোটে যিনি এগিয়ে থাকবেন তাকেই শীর্ষে রাখা হবে। অর্থাৎ জাতীয় দলের অধিনায়কদের ভোট যিনি বেশি পাবেন তিনিই শীর্ষে থাকবেন।
এবার সেরা খেলোয়াড় নির্বাচনে মোট ১০৭ জন অধিনায়ক মেসিকে ভোট দিয়েছেন। অন্যদিকে, হালান্ডের বাক্সে জাতীয় দলের অধিনায়কদের ভোট গিয়েছে ৬৪টি। অর্থাৎ হালান্ডের চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
সবমিলিয়ে অধিনায়কদের কাছ থেকে ৬৬৭ পয়েন্ট পেয়েছেন মেসি। যেখানে হালান্ড পেয়েছেন ৫৫৭ পয়েন্ট। ফিফা ‘দ্য বেস্ট’-এর এই নিয়মের কারণেই সমান পয়েন্ট পেয়েও দ্বিতীয় স্থানে থাকতে হয়েছে হালান্ডকে।