ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

যে কারণে স্মিথের তর সইছে না

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:৩০, ১৪ জানুয়ারি ২০২৪
যে কারণে স্মিথের তর সইছে না
স্টিভেন স্মিথ

গত কয়েক মাস ধরে টেস্টে রান না পেলেও নিজের শেষ সিরিজে দুর্দান্ত ছিলেন ডেভিড ওয়ার্নার। ক্যারিয়ারের শেষটা ব্যাট হাতে দারুণভাবে রাঙিয়েছেন এই ওপেনার। ওপেনিংয়ে তার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। তবে আপাতত এই ওপেনারের বিকল্প হিসেবে স্টিভেন স্মিথকেই পছন্দ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

অজিদের হয়ে লাল বলে ইনিংস ওপেন করতে আগ্রহী স্মিথও। তিনি বলেন, ‘গত কয়েক বছরে আমি (ক্রিজে) এসেছি অনেক রান হয়ে যাওয়ার পর, তখন বল একটু নরম থাকে। কাভার এবং হয়তো লেগ সাইডে চারজন রাখা হয়, বোলাররা সোজা বোলিং করে, স্কোরবোর্ড আটকে রাখতে সমর্থ হয়।’

এরপর তিনি বলেন, ‘এটি আমাকে চুপচাপ থাকতে বাধ্য করেছে। রান করতে অনেক বল খেলতে হয়েছে। হয়তো নতুন বলে তা বদলাবে। একটু বেশি আক্রমণাত্মক ফিল্ডিং থাকবে, ফলে রান করতে বেশি গ্যাপ থাকবে। তর সইছে না আমার।’

ইনিংস উদ্বোধনের এই ভাবনা গত অ্যাশেজেই এসেছিল স্মিথের মাথায়। গত মাসে আবারও এ প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। তবে সিডনি টেস্টের আগে তার কথা সেভাবে গুরুত্ব সহকারে নেয়া হয়নি বলেও জানিয়েছেন স্মিথ।

তিনি বলেন, ‘আমি কয়েক সপ্তাহ ধরেই এটি বলার চেষ্টা করছি, এমনকি আমার তো মনে হয় পার্থের (টেস্ট) আগে থেকেই। ইংল্যান্ডেও হুট করে এটি বলে থাকতে পারি, আমি ওপরে উঠব, ওপরে খেলতে আপত্তি নেই। পার্থের পর আমি বলেছি, ডেভি চলে যাওয়ার পর ওপরে যেতে আমি আগ্রহী।’

স্মিথ যোগ করেন, ‘আমার মনে হয় না সিডনির আগে তারা আমার কথাকে গুরুত্ব দিয়েছে। এরপর আমি বলেছি, আমি কিন্তু সত্যিই বলছি। ওপরে যেতে, নতুন বল খেলতে আগ্রহী আমি। এরপর তারা বলেছে, আচ্ছা, ঠিক আছে, বিবেচনা করব, দেখা যাক কী হয়।’

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!