ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ডাক মারলেন রোহিত, গালি খেলেন গিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫১, ১২ জানুয়ারি ২০২৪
ডাক মারলেন রোহিত, গালি খেলেন গিল
ছবি- সংগৃহীত

দীর্ঘ ১৪ মাস পর আন্তর্জাতিক টি-২০ খেলতে নেমেছিলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তবে প্রত্যাবর্তনটা সুখের হয়নি তার। রান আউটের ফাঁদে পড়ে ডাক খেয়েছেন তিনি। এর জন্য বকা শুনতে হয়েছে দেশটির আরেক ব্যাটার শুভমান গিলকে।

শুক্রবার মোহালিতে আগে ব্যাট করতে নেমে ১৫৮ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিকরা। 

এদিন দল সাফল্য পেলেও কোনো রান না করেই প্যাভিলিয়নে ফিরেছেন রোহিত। কিন্তু ভারতীয় ওপেনার যেভাবে আউট হয়েছেন, তাতে হতাশ হওয়ারই কথা। 

Advertisement

ভারতের ইনিংসের প্রথম ওভারের ঘটনা। ফজল হক ফারুকীর দ্বিতীয় বলে ব্যাট চালিয়ে রানের জন্য ডাক দেন রোহিত। কিন্তু তিনি প্রান্ত বদল করে দৌড়ে উইকেটের অন্য প্রান্তে প্রায় পৌঁছে দেখলেন, বোলিং প্রান্তে থাকা আরেক ওপেনার শুভমান গিল রোহিতের দিকে খেয়াল না করে বলের দিকে তাকিয়ে ঠায় দাঁড়িয়ে আছেন! ততক্ষণে মিড অফ থেকে বল কুড়িয়ে আফগান উইকেটরক্ষক রহমানউল্লাহ গুরবাজকে পাঠিয়েছেন ইব্রাহিম জাদরান। ফলাফল রোহিত শর্মা রান আউট। 

এভাবে আউট হয়ে মেজাজ ধরে রাখতে পারেননি রোহিত। উইকেট ছাড়ার সময় শুভমান গিলকে উদ্দেশ্য করে গালি দেন তিনি। রোহিতের গালিটি এতটাই বাজে ছিল যে, এ প্রসঙ্গে ধারাভাষ্যকারদের একজন বলেছেন, তিনি শব্দটা উচ্চারণ করতে চান না। 

ম্যাচের ধারাভাষ্য বক্সে সে মুহূর্তে উপস্থিত ওই ধারাভাষ্যকার বলেছেন, ‘তার (শুভমান) দিকে দেখেন, তিনি বলের দিকেই তাকিয়ে ছিলেন। রোহিত রানের জন্য ডাক দিয়েছিলেন। (আউট হওয়ার পর) সে যেটা বলেছে, আমি সেটার পুনরাবৃত্তি করতে পারব না। কারণ এটা খুব বাজে ছিল। কিন্তু রোহিত শর্মার (রান নিতে চাওয়ার) সিদ্ধান্তটা সঠিক ছিল।’

রোহিতের যে গালি নিয়ে এত আলোচনা, সেটি রেকর্ড হয়েছে উইকেটের স্ট্যাম্পে থাকা মাইকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!