কোপা আমেরিকা ও বিশ্বকাপ শিরোপার মাঝে আরো একটি ট্রফি ঘরে তুলেছিলেন মেসি-ডি মারিয়ারা। কোপা ও বিশ্বকাপ জয় নিয়ে যেমন আলোচনা হয়, সেটিকে নিয়ে অবশ্য তেমন আলোচনা হয় না। অনেকে তো আবার এই শিরোপাকে মেজর ট্রফিও বলতে চান না।
বিশ্বকাপের আগে ২০২২ সালের জুনে ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচে ইতালিকে ৩-০ গোলে হারিয়ে ফিনালিসিমা ট্রফি জয় করে আর্জেন্টিনা। যার ফলে বিশ্বকাপের আগে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় আন্তর্জাতিক শিরোপার স্বাদ পান লিওনেল মেসি।
.png)
সেই ফিনালিসিমা জয়ের পর আবারও মুখোমুখি হতে যাচ্ছে এই দু’দল। তবে এবার কোনো প্রতিযোগিতামূলক লড়াইয়ে নয়। আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে একে অপরের মুখোমুখি হবে দল দুটি। ফিনালিসিমা জয়ের ২০ মাস পর চলতি বছরের মার্চে মুখোমুখি হবে তারা।
আর্জেন্টিনা ও স্পেনের সাংবাদিক মার্কোস দুরানের বরাত দিয়ে আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, চলতি বছরের মার্চে এই দু’দল মাঠে নামবে। তবে ম্যাচটি তাদের নিজেদের মাঠ কিংবা মহাদেশে অনুষ্ঠিত হবে না। ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
কোপার আগে দুই বিশ্বচ্যাম্পিয়নদের ম্যাচটি হবে আমেরিকার মাঠে বড় কোনো ম্যাচ। সেই সঙ্গে ম্যাচটি হবে নিজেদের কোপা আমেরিকার ড্রেস রিহার্সেলও। কোপার আগে আর্জেন্টিনা চেয়েছিল ভালো প্রস্তুতি নিতে। সে হিসেবে ফিফা উইন্ডো পেয়েছে আলবিসেলেস্তেরা।
এসময় বড় দলগুলোর সঙ্গে প্রস্তুতি নিয়ে কোপার শিরোপা ধরে রাখার মিশনে নামতে চেয়েছিলেন স্কালোনি। তার আশা পূরণ করা হয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) পক্ষ থেকে। একই মাসে ইংল্যান্ডের বিপক্ষে উইম্বলিতে মুখোমুখি হবে ব্রাজিল।