ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

৯২ বছরের রেকর্ড গুঁড়িয়ে দিল কেপটাউন টেস্ট

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:০৬, ৪ জানুয়ারি ২০২৪
৯২ বছরের রেকর্ড গুঁড়িয়ে দিল কেপটাউন টেস্ট
ছবি- সংগৃহীত

মাত্র দেড় দিনেই শেষ কেপটাউন টেস্ট। এই সময়ের মধ্যে খেলা হয়েছে মাত্র ১০৭ ওভার। বলের হিসেবে শেষ হয়েছে ৬৪২ বলে। সেটিও আবার দক্ষিণ আফ্রিকা ও ভারতের মতো দুই বড় দলের মধ্যকার একটি ম্যাচ! 

সংক্ষিপ্ত সময়ে শেষ হওয়া ম্যাচের তালিকায় যা ভেঙে দিয়েছে ৯২ বছরের রেকর্ড। সেই টেস্টেও সাক্ষী হয়েছিল দক্ষিণ আফ্রিকা। ১৯৩২ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রোটিয়াদের ম্যাচ শেষ হয়েছিল ৬৫৬ বলে।

কেপটাউনে প্রথম দিনে পড়েছিল ২৩ উইকেট। অসম বাউন্স ও বলের মুভমেন্ট বুঝতে না পারায় পেসারদের সামনে অসহায় ছিল দুই দলের ব্যাটাররাই। মোহাম্মদ সিরাজের বোলিং তোপে প্রথম ইনিংসে প্রোটিয়ারা মাত্র ৫৫ রানে গুটিয়ে যায়।

এদিন ভারতীয় পেসার সিরাজ নেন ৬ উইকেট। এরপর স্বাগতিক পেসারদের দাপটে ভারতের ইনিংস থামে ১৭৩ রানে। আর প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংসেও দাপট ছিল ভারতের পেসারদের। একাই ৬ উইকেট নেন জাসপ্রিত বুমরাহ।

মাত্র ৭৯ রানের লক্ষ্য ছুঁতে ভারত হারায় ৩ উইকেট। মধ্যাহ্ন বিরতির কিছুক্ষণ পরেই ম্যাচ জিতে নেন রোহিত শর্মারা। 

এদিকে বলের হিসেবে সবচেয়ে কম বলে টেস্ট ম্যাচ শেষ হওয়ার তৃতীয় অবস্থানে আছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার টেস্ট। ১৯৩৫ সালে ব্রিজটাউনে সেই ম্যাচ শেষ হয়েছিল ৬৭২ বলে। ১৮৮৮ সালে ম্যানচেস্টারে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ম্যাচ শেষ হয়েছিল ৭৮৮ বলে। আর একই বছর লর্ডসের এই দুই দলের ম্যাচ শেষ হয় ৭৯২ বলে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!