ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হাসারাঙ্গাকে নিয়ে শ্রীলংকার প্রাথমিক দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০২, ৩০ ডিসেম্বর ২০২৩
হাসারাঙ্গাকে নিয়ে শ্রীলংকার প্রাথমিক দল ঘোষণা
ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা

একসময় এশিয়ার অন্যতম পরাশক্তি ছিল শ্রীলংকা। তবে অনেকদিন ধরেই চেনা ছন্দে নেই দলটি। চলতি বছরও খুব একটা ভালো কাটেনি লংকানদের। তবে নতুন বছরে সেসব ছাপিয়ে যাওয়ার আশায় নিজেদের আসন্ন ক্রিকেট সূচি চূড়ান্ত করেছে কুশল মেন্ডিসের দল।

ঘরের মাঠে আগামী ৬ জানুয়ারি থেকে টি-২০ ও ওয়ানডে ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলবে লংকানরা। আসন্ন সিরিজকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড (এসএলসি)।

স্কোয়াডে শ্রীলংকার বড় প্রাপ্তি চোট থেকে ফেরা হাসারাঙ্গার দলে অন্তর্ভুক্তি। লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার সময় গত আগস্টে তিনি ইনজুরিতে পড়েছিলেন। যে কারণে সর্বশেষ এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপে তাকে ছাড়াই খেলতে হয়েছিল লংকানদের।

Advertisement

কেবল দলেই ফিরছেন না হাসারাঙ্গা, টি-২০ সিরিজের জন্য ঘোষিত প্রাথমিক দলে তাকে অধিনায়কও করা হয়েছে। তার সহকারী বানানো হয়েছে ইনফর্ম ব্যাটসম্যান চারিথ আসালঙ্কাকে। একইসঙ্গে ওয়ানডেতেও তাকে সহ-অধিনায়ক রাখা হয়েছে, যেখানে অধিনায়কত্বে আছেন কুশল মেন্ডিস।

বিশ্বকাপে শ্রীলংকার নিয়মিত অধিনায়ক দাসুন শানাকা ইনজুরিতে পড়ায় কুশলকে দায়িত্ব দেওয়া হয়েছিল। ফর্মহীনতায় ভোগা শানাকা দলে থাকলেও তাকে আর নেতৃত্বে রাখা হয়নি। তবে ঘোষিত দুটি দলই প্রাথমিক, যেখান থেকে ওয়ানডে-টি ২০ সিরিজের চূড়ান্ত স্কোয়াড ঠিক করবে এসএলসি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে দুই ফরম্যাটের সিরিজ শুরু করবে লংকাবাহিনী। তিনটি ওয়ানডে হবে যথাক্রমে ৬, ৮ ও ১১ জানুয়ারি। পরবর্তীতে ১৪, ১৬ ও ১৮ জানুয়ারি হবে টি-২০ সিরিজ, সব ম্যাচই কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মাঠে গড়াবে।

প্রাথমিক ওয়ানডে স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালংকা, পাথুম নিশাঙ্কা, আভিস্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচিগে, নুয়ানিন্দু ফার্নান্দো, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুণারত্নে, জানিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকশানা, দিলশান মধুশঙ্কা, দুশমন্থ চামিরা, দুনিথ ওয়েল্লালাগে, প্রমোদ মাদুশান, আসিথা ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা গুনাসেকেরা।

প্রাথমিক টি-২০ স্কোয়াড : ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালংকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, ধনাঞ্জয় ডি সিলভা, মহেশ থিকশানা, কুশল জানিথ পেরেরা, ভানুকা রাজাপাকসে, কামিন্দু মেন্ডিস, দুনিথ ওয়েল্লালাগে, আকিলা ধনাঞ্জয়, জেফ্রি ভ্যান্ডারসে, চামিকা করুণারত্নে, দুশমন্থ চামিরা, দিলশান মধুশঙ্কা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুসারা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!