ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আইসিসিকে ধুয়ে দিলেন কামিন্স

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৪, ২৫ ডিসেম্বর ২০২৩
আইসিসিকে ধুয়ে দিলেন কামিন্স
প্যাট কামিন্স

বক্সিং ডে টেস্টের আগে আলোচনায় আইসিসি। চলমান অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজে ফিলিস্তিনের অসহায় মানুষের পক্ষে দাঁড়াতে চেয়েছিলেন উসমান খাজা। কিন্তু তাকে বাধা দিচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এ জন্য আইসিসিকে ধুয়ে দিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজাকে তার ব্যাট বা জুতায় শান্তির প্রতীক লাগাতে বারণ করে দিয়েছে আইসিসি। সেই সিদ্ধান্ত এরই মধ্যে সমালোচিত হতে হয়েছে তাদের। এবার এই প্রসঙ্গে আইসিসি-কে একহাত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও। সাফ জানালেন, গাজায় মানবাধিকার সঙ্কটের বিরুদ্ধে যে অবস্থান খাজা নিয়েছেন তা মোটেই আগ্রাসী নয়।

পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাট এবং জুতায় শান্তির প্রতীক হিসাবে একটি কালো রংয়ের পায়রার স্টিকার লাগাতে চেয়েছিলেন খাজা। তার অনুমতি দেয়নি আইসিসি। কিন্তু তার সতীর্থ মার্নাস লাবুশেনকে ব্যক্তিগত ধর্মীয় বার্তা দিতে ব্যাটে ঈগলের স্টিকার লাগানোর ব্যাপারে অনুমতি দেওয়া হয়েছে।

Advertisement

এ বিষয়ে কামিন্স বলেন, আমরা সবাই উজিকে (খাজা) সমর্থন করছি। ও যেটা বিশ্বাস করে সেটাই করছে এবং যথেষ্ট সম্মান দেখিয়েই করছে। গত সপ্তাহেই বলেছিলাম, ‘সব জীবনই সমান’। আমার মনে হয় না ও যেটা করছে সেটা খুব আগ্রাসী কিছু। পায়রার ব্যাপারেও একই কথা বলব।

খাজার পাশে দাঁড়িয়ে কামিন্স আরো বলেন, উজি এরকমই। আমার মনে হয় সবার সামনে ওর মাথা উঁচু করে দাঁড়ানো উচিত। যেটা ঠিক মনে করেছে সেটাই করেছে। তবে নিয়মও রয়েছে। আইসিসি ওকে একটি কাজ করতে নিষেধ করেছে। ওরাই নিয়ম তৈরি করে এবং সেটা আপনাকে মেনে নিতেই হবে।

প্রসঙ্গত, রোববার মেলবোর্নে অনুশীলন চলাকালীন সময়ে খাজার ব্যাট এবং গ্লাভসে কালো ঘুঘু পাখির ছবি দেওয়া একটি স্টিকার দেখা যায়। সঙ্গে লেখা ছিল, ’০১: ইউডিএইচআর’। অর্থাৎ ‘ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস’-এর এক নম্বর ধারার কথাই বোঝানো হয়েছিল। সেখানে বলা হয়েছে, প্রত্যেক মানুষই স্বাধীন এবং তার সমান সম্মান ও অধিকার রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!