ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

করিমের জোড়া গোলে বেনজেমার দলের হার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৭, ২৪ ডিসেম্বর ২০২৩
করিমের জোড়া গোলে বেনজেমার দলের হার
ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগের বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ। সময়টা ভালো যাচ্ছে না দলটির । দিন কয়েক আগেই ক্লাব বিশ্বকাপে মিশরের আল আহলির কাছে হেরে সেমিফাইনালের আগেই বিদায় নিয়েছে করিম বেনজেমা-এনগোলো কান্তের দল। লিগেও শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। এবার পয়েন্ট তালিকার নিচের দিকে থাকা আল রাঈদের কাছেও হেরে গেছে তারকাসমৃদ্ধ দলটি।

শনিবার (২৩ ডিসেম্বর) সৌদি প্রো লিগে ১০ জনের আল ইত্তিহাদকে ৩-১ গোলে হারিয়েছে আল রাঈদ। জয়ী দলের পক্ষে জোড়া গোল করেছেন করিম এল বেরকাওয়ি। বাকি গোলটি করেন সালেম আল দাওসারি। আল ইত্তিহাদের পক্ষে একমাত্র গোলটি রোমারিনহোর। এদিন ম্যাচের 
১২তম মিনিটে লাল কার্ড  দেখে মাঠ ছাড়েন আল ইত্তিহাদের মাদাল্লাহ আলোআয়ান। 

এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই প্রথম সুযোগ পায় আল ইত্তিহাদ। তবে সাহাফির শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১২তম মিনিটে বাজে ট্যাকল করে লাল কার্ড দেখেন মাদাল্লাহ আলোআয়ান। ফলে ১০জনের দলে পরিণত হয় আল বর্তমান চ্যাম্পিয়নরা। একজন বেশি নিয়ে খেলার সুযোগটা ভালোমতো কাজে লাগায় তলানির দিকে থাকা আল রাঈদ।

Advertisement

এই ফাউল থেকে পাওয়া ফ্রি-ক্রিকে গোল প্রায় পেয়েই গিয়েছিল আল রাঈদ। বেরকাওয়ির ফ্রি-কিক গোলপোস্ট কাঁপিয়ে ফিরে আসে। তবে ২২ মিনিটে তাকে আর আটকাতে পারেনি আল ইত্তিহাদ। সতীর্থের ক্রসে ঝাঁপিয়ে হেড করে লক্ষ্যভেদ করেন এই ২৮ বছর বয়সী ফরোয়ার্ড।

তবে তিন মিনিট পরেই সমতায় ফেরে আল ইত্তিহাদ। ইগর কনরাডের লম্বা করে বাড়ানো পাস দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান।

 ৭১ মিনিটে বেরকাওয়ি ফের গোল করে আল রাঈদকে এগিয়ে দেন। নিজেদের অর্ধ থেকে লম্বা করে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ প্রান্ত দিয়ে আল ইত্তিহাদের ডি-বক্সে ঢুকে পড়েন জুলিও তাভারেস। এরপর মাইনাস করেন। বল পেয়ে দুই ডিফেন্ডারের মধ্যকার ফাঁকা জায়গা দিয়ে বল জালে পাঠান বেরকাওয়ি।

জোড়া গোল খাওয়ার পর নিষ্প্রভ করিম বেনজেমাকে তুলে নেন আল ইত্তিহাদের কোচ মার্সেল বিলার্দো। তাতে খুব একটা ফল হয়নি। ৮৮ মিনিটে আরও একটি গোল খায় ইত্তিহাদ। ডি-বক্সের ভেতরে জটলা থেকে বল ক্লিয়ার করলেও পেয়ে যান আল রাঈদের সালেম আল দাওসারি। বল পেয়ে ডিফেন্ডার ও আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ লব শটে গোল করেন এই সৌদি রাইটব্যাক।

এই হারে ১৭ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকল ইত্তিহাদ। শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ২২ পয়েন্ট পিছিয়ে পড়েছে বেনজেমার দল। আল হিলাল অবশ্য একটি ম্যাচ বেশি খেলেছে।

এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে আল রাঈদ। ১৮ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে আছে দলটি। এক ম্যাচ কম খেলা আল রিয়াদের পয়েন্টও ১৬। তবে গোলগড়ে পিছিয়ে থাকায় ১৬ নম্বরে আছে তারা।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!