ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘নতুন গল্প’ লিখতে চান গার্দিওলা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩০, ২৩ ডিসেম্বর ২০২৩
‘নতুন গল্প’ লিখতে চান গার্দিওলা
ক্লাব বিশ্বকাপ শিরোপা হাতে সিটির কোচ পেপ গার্দিওলা। ছবি- সংগৃহীত

ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে উড়িয়ে চ্যাম্পিয়ন শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি। এই শিরোপা জয়ের মধ্য দিয়ে সিটিজেনদের কোচ হিসেবে সব শিরোপাই জেতা হলো পেপ গার্দিওলার।

কোচ হিসেবে গার্দিওলার ঝুলিতে জমা হলো-চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, লিগ কাপ, উয়েফা সুপার এবং সর্বশেষ ক্লাব বিশ্বকাপ শিরোপা। শুধু ২০২৩ সালেই তিনি মুঠোয় পুরেছেন পাঁচটি ট্রফি। সব জিতে নেয়ার এই অনুভূতিটা ঠিকই গ্রাস করেছে স্প্যানিশ এই কোচকে।

শুক্রবার জেদ্দায় ক্লাব বিশ্বকাপ জেতার পর গার্দিওলা এটাও স্পষ্ট করেছেন যে, তবুও সাফল্য ক্ষুধা যায় নি তার।

Advertisement

গার্দিওলা বলেন, ‘আমার এমন একটা অনুভূতি হচ্ছে যে আমরা একটা অধ্যায় শেষ করলাম। সব ট্রফিই জিতে গেছি। আর বাকি নেই কিছু। আমাদের কাজ শেষ হল। গত আট বছরে যা হয়েছে তার এখানেই ইতি। কিন্তু এখন বড়দিনের সময়। নতুন একটা বই কিনতে হবে, লেখা শুরু করতে হবে আবার।’

শিরোপা নির্ধারণী ম্যাচে ফ্লুমিনেন্সকে ৪-০ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপ জিতে নেন গার্দিওলার শিষ্যরা। এর মধ্যে দিয়ে প্রথম কোচ হিসেবে চতুর্থবারের মত এই শিরোপা জয়ের র্কীতি এখন গার্দিওলার দখলে। 

নিজের কোচিং ক্যারিয়ারে সিটি ছাড়াও এই শিরোপা আরো তিনবার জেতানোর কীর্তি রয়েছে গার্দিওলার। বার্সেলোনাকে দু’বার এবং বায়ার্ন মিউনিখকে একবার ক্লাব বিশ্বকাপ জেতান এ মাস্টারমাইন্ড।

সিটিজেনদের দায়িত্ব নেয়ার সময় এতটা ভাবতে পারেননি গার্দিওলা নিজেও। তার কথায়, ‘অসাধারণ একটা দিন এটা। সত্যি বলতে আমি ম্যানচেস্টারে যখন আসি তখন ভাবতে পারিনি, এতসব কিছু হবে, এভাবে (ক্লাব) বিশ্বকাপ জিতে শেষ করতে পারবো।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!