এদিকে সিরিজ ফসকে যাওয়া ম্যাচে অর্থাৎ দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন সৌম্য সরকার। কিউই বোলারদের তুলোধুনো করা ম্যাচে সবার মনোযোগ কেড়েছেন তিনি।
নেলসনে ১৫১ বলে ১৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন সৌম্য। এতে এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে নিউজিল্যান্ডের মাটিতে এখন ওয়ানডেতে সর্বোচ্চ ইনিংস তার দখলে। একইসঙ্গে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের রেকর্ডও ভেঙে দিয়েছিল। সেই রেকর্ডময় ইনিংস নিয়ে এবার কথা বলেছেন কিউই অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
বাংলাদেশ ম্যাচ হারলেও ভালো খেলেছে জানিয়ে রাচিন বলেন, ‘দুটি ম্যাচেই বাংলাদেশ ভালো খেলেছে। কখনও কখনও তারাই নিয়ন্ত্রণে ছিল। সৌম্য সেদিন যেভাবে খেলেছে, অবিশ্বাস্য।’
.png)
একইসঙ্গে শেষ ম্যাচেও জয়ের আশা রাচিনের, ‘নেলসনে ভালো সময় কেটেছে। আশা করছি জয় দিয়েই সিরিজ শেষ করব। ফলাফল যাই হোক আমাদের প্রক্রিয়া ঠিক রাখতে হবে।’
আগামী শনিবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কিউইদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এরপর দু’দল ২৭, ২৯ ও ৩১ ডিসেম্বর নেপিয়ার ও মাউন্ট মঙ্গানুইতে মুখোমুখি হবে তিন ম্যাচের টি-২০ সিরিজে।