ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফিফা বর্ষসেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:২১, ১৩ ডিসেম্বর ২০২৩
ফিফা বর্ষসেরা গোলরক্ষকের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ
ফাইল ছবি

২০২৩ সালের বর্ষসেরা গোলরক্ষকের তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। লন্ডনে আগামী ১৫ জানুয়ারি এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা।

সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া তিন গোলরক্ষক হচ্ছেন- মরক্কোর ইয়াসিন বুনো, বেলজিয়ামের থিবো কোর্তোয়া ও ব্রাজিলের এডারসন। ২০২২ সালের ১৯ ডিসেম্বর থেকে চলতি বছরের ২০ আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় এই সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে।

চলতি মৌসুমে সেভিয়ার ইউরোপা লিগ জয়ে বড় ভূমিকা রাখেন বুনো। ফাইনালে রোমাকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সেভিয়া। গেল মৌসুমে রিয়াল মাদ্রিদকে কোপা দেল রের চ্যাম্পিয়ন বানানোতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বেলজিয়াম গোলরক্ষক কোর্তোয়ার।

Advertisement

কাতার বিশ্বকাপে রেড ডেভিলদের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ১০০তম ম্যাচ খেলারও মাইলফলক ছুঁয়েছেন কোর্তোয়া। যা বেলজিয়ামের হয়ে প্রথম কোনো ফুটবলারের শততম ম্যাচ খেলার রেকর্ড।

এছাড়া গত মৌসুমে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ট্রেবল জয় পূর্ণ করে ম্যানসিটি। দলটির হয়ে পুরো সময়ে গোলবার সামলেছেন ব্রাজিলিয়ান তারকা এডারসন। জাতীয় দলের কোচ, অধিনায়ক, ক্রীড়া সাংবাদিক ও ভক্তদের ভোটের ভিতিতে একজনকে দেয়া হবে ‘ফিফা দ্য বেস্ট গোলকিপার’ অ্যাওয়ার্ড।

এর আগে সর্বশেষ ২০২২ সালে ফিফার বর্ষসেরায় আর্জেন্টাইনদের জয়জয়কার ছিল। বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি, বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ এবং বর্ষসেরা কোচের পুরস্কার পেয়েছিলেন বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!