ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘আসল কাজ’ প্রশ্নের জবাবে যা বললেন হাথুরুসিংহে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৭, ৫ ডিসেম্বর ২০২৩
‘আসল কাজ’ প্রশ্নের জবাবে যা বললেন হাথুরুসিংহে
ছবি- সংগৃহীত

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে মোটা দাগে ব্যর্থ হয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর থেকেই টাইগারদের পারফরম্যান্স নিয়ে চুলচেড়া বিশ্লেষণ চলছে। বিশ্বমঞ্চে ভরাডুবির পর টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছিলেন, ‘তার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পর।’

সেই হিসেবে ‘আসল কাজে’র শুরুটা দারুণ হয়েছে চন্ডিকা হাথুরুসিংহের। সিলেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের পর এই কথা তো বলাই যায়।

দ্বিতীয় ও শেষ টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এক সংবাদকর্মী আজ ব্যাপারটা মনে করিয়ে দেন হাথুরুসিংহেকে। প্রশ্নটা শুনে মুখে হাসির সঙ্গে বাংলাদেশ প্রধান কোচের অভিব্যক্তিতে স্বস্তির আভা ধরা পড়ে।

Advertisement

ভবিষ্যতের দিকে তাকিয়ে কিছুটা চাপও যে অনুভব করলেন, সেটাও লুকাননি হাথুরুসিংহে, ‘আপনি আমাকে চাপে ফেলার চেষ্টা করছেন। সবকিছু রাতারাতি পরিবর্তন করে ফেলা সম্ভব নয়। আমরা যদি দল এবং আমাদের ক্রিকেট সংস্কৃতির জন্য সঠিক কাজটা করে যেতে পারি, ফল নিজ থেকেই ধরা দেবে।’

হাথুরুসিংহে এটাও মনে করিয়ে দিয়েছেন, আগামীকাল শুরু হতে যাওয়া ঢাকা টেস্ট আবার শূন্য থেকে করতে হবে, ‘এটা ভেবে বসবেন না যে আমরা প্রতিটা ম্যাচেই জিততে থাকব। আমরা চেষ্টাটা করছি। আমরা সিলেটে দারুণ একটা ম্যাচ খেলেছি। কিন্তু ভালো দলের বিপক্ষে এটা করা কঠিন। আমাদেরকে এই ম্যাচটা আবার শূন্য থেকে শুরু করতে হবে।’

ঢাকা টেস্টে দলের প্রতি একই বার্তা থাকবে জানিয়ে হাথুরুসিংহে আরো যোগ করেন, ‘সিলেট টেস্ট শুরুর আগে দলের প্রতি যে বার্তাটা ছিল, এখনো বার্তাটা একই থাকছে... আমাদের যা আছে, নিজেদের শক্তি যা আছে, তা বুঝে তা নিয়ে সামনে এগিয়ে যাওয়া। অভিজ্ঞতার দিক থেকে আমরা তরুণ, কিন্তু স্কিলের দিক থেকে তারা বেশ ভালো। বার্তাটা থাকবে, একই কাজটা আবারো করা।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!