বাংলাদেশ জাতীয় পুরুষ ফুটবল দলের পরবর্তী খেলা ২০২৪ সালের মার্চে। নারী ফুটবল দলেরও চলতি বছর আর কোনো ম্যাচ নেই। তাই বাংলাদেশ ফুটবল দলের জন্য আজই বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ। যদিও ক্লাব পর্যায়ে১১ ডিসেম্বর এএফসি কাপে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস।
সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজে বাংলাদেশ এরই মধ্যে একটি ম্যাচ জিতে এগিয়ে রয়েছে। আজকের ম্যাচে ড্র করলেও সিরিজ জিতবে বাংলাদেশ। তবে আজকের ম্যাচেও জয়ের জন্যই খেলতে নামবে বাংলাদেশ।
.png)
বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটু দ্বিতীয় ম্যাচ সম্পর্কে বলেন, ‘প্রথম ম্যাচের পর ওরা বুঝতে পেরেছে আমরা কীভাবে খেলি। সেই অভিজ্ঞতা থেকে মাঠের খেলাতে ব্লক তৈরি করতে পারে যেন গোল না দিতে পারি। তাই আমাদের আরো সতর্ক হয়ে খেলতে হবে।’
আজকের ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে মনে করছেন টিটু,‘ওরা এখানে এসে একদিন পরই ম্যাচ খেলেছে। দলটিতে পরিবর্তনও এসেছে অনেক। যার কারণে লড়াইটা সেভাবে করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে আমাদের ওদের অর্ধে সুযোগ নাও দিতে পারে। এরপরও আমরা আগের মতো খেলে ম্যাচ জিতে মাঠ ছাড়তে চাই।’
প্রথম ম্যাচে তহুরা খাতুনের জোড়ায় সিঙ্গাপুরকে বাংলাদেশ সহজেই হারিয়েছে। তাই তার উপর বাড়তি নজর থাকবে সিঙ্গাপুরের খুবই স্বাভাবিক। এরপরও গোলের ধারাবাহিকতা রাখতে চান এই ফরোয়ার্ড, ‘আমি এই ম্যাচেও গোল করতে চাই। দল জিতলে নিজের কাছেই ভালো লাগবে।’