ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এখানেই কি শেষ হচ্ছে রহমতগঞ্জের কোচের যাত্রা!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩৫, ৩ ডিসেম্বর ২০২৩
এখানেই কি শেষ হচ্ছে রহমতগঞ্জের কোচের যাত্রা!
ছবি: সংগৃহীত

২০১৭-১৮ মৌসুমে সর্বশেষ স্বাধীনতা কাপের সেমিফাইনালে খেলেছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। পাঁচ বছর আবারো স্বাধীনতা কাপের সেমিতে উঠল পুরান ঢাকার দলটি। রোববার বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ পুলিশ এফসিকে ২-১ গোলে হারায় তারা। কিন্তু এ ম্যাচে পুরান ঢাকার দলটির ডাগআউটে দেখা যায়নি কোচ কামাল বাবুকে। তার পরির্বতে সেখানে দলের কোচের ভূমিকায় ছিলেন গোলরক্ষক কোচ হুমায়ন কবির।

জানা গেছে,  শৃঙ্খলা ভঙ্গের কারণে পুরান ঢাকার দলটির ডাগআউটে দেখা যায়নি কোচ কামাল বাবুর। আন্তর্জাতিক ঘরোয়া ফুটবলের ম্যাচ বিরতিতে ক্লাবের কোনো অফিশিয়ালকে না জানিয়ে অন্য ক্লাবের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রেখেছিলেন। পাশাপাশি সে অনুযায়ী নিয়েছিলেন প্রস্তুতি। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ মাঠে গড়ায়নি। ক্লাব কর্তৃপক্ষকে না জানিয়ে প্রীতি ম্যাচ চূড়ান্ত করার বিষয়টি শৃঙ্খলা ভঙ্গের সামিল বলে মনে করে রহমতগঞ্জ। যার কারণে তাকে বিষয়টি প্রশ্ন করা হয়। কিন্তু তিনি প্রশ্নের উত্তর না দিয়ে উল্টো গেল মাসের ২২ তারিখ থেকে অনুশীলনে আসেননি। তাই গত মাসের মাঝামাঝি সময়ে দলের দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয় কামাল বাবুকে।

বিষয়টি নিয়ে ক্লাবের একজন নাম প্রকাশের অনিচ্ছুক কর্মকর্তা ডেইলি বাংলাদেশকে বলেন, ‘আসলে কোচ কেন এমন করল জানা নেই। গত ২২ তারিখ থেকে তিনি অনুশীলনে আসেননি। আজকে (রোববার) পর্যন্ত বিষয়টি নিয়ে কথার সময় ছিল। তিনি বলেননি। এখন কাল( সোমবার) এ বিষয়ে আমরা মিটিং করে বিষয়টি নিয়ে জানাতে পারবো।’

Advertisement

বিষয়টি নিয়ে কোচ কামাল বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।  

উল্লেখ্য, ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত রহমতগঞ্জ হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে প্রবীণতম ক্লাব। ১৯৬৩ সালে ৩য় বিভাগ চ্যাম্পিয়ন , ১৯৬৫ সালে দ্বিতীয় বিভাগ চ্যাম্পিয়ন হয়ে দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ঢাকার প্রতিনিধিত্ব করে চলেছে। স্বাধীনতার পর দেশের বাইরে ১৯৭৩ সালে আসামের বরদুলৈ কাপে অংশগ্রহণ করে। দলটি ১৯৭৭ সালে ১ম বিভাগ লীগ রানার্স-আপ, ১৯৭৭ সালে লিবারেশন কাপ টুর্নামেন্টে রানার্স আপ, ১৯৯৪/৯৫ নেপালের কিংস কাপ চ্যাম্পিয়ন,  ২০০৯ এ প্রথম সুপার কাপে ফেয়ার প্লে ট্রফি অর্জন। এছাড়াও ২০১৯-২০ ফেডারেশন কাপ রানার্স-আপ ও ২০২১-২২ ফেডারেশন কাপ রানার্স আপের গৌরব অর্জন করে রহমতগঞ্জ। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!