ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

চতুর্থ বাংলাদেশি অধিনায়ক হিসেবে শান্তর রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৩:২৫, ২ ডিসেম্বর ২০২৩
চতুর্থ বাংলাদেশি অধিনায়ক হিসেবে শান্তর রেকর্ড
নাজমুল হোসেন শান্ত

তাইজুলের স্পিন জাদুতে সিলেটে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১৫০ রানের জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচে ১০ উইকেট শিকার করেন তাইজুল। পুরো ম্যাচে কিউইদের ২০ উইকেটের মধ্যে ১৮টিই পেয়েছেন বাংলাদেশের স্পিনাররা। 

নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান থাকলে তিনিই অধিনায়ক থাকতেন এটা বলা চলে। কিন্তু ইনজুরির কারণে তিনি নেই। তাই অধিনায়কের দায়িত্বটা এসে পড়ে ব্যাটার নাজমুল হাসান শান্তর ঘাড়ে। আর সে সুযোগকে কাজে লাগিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই করে নিলেন এ টাইগার ব্যাটার।

নিউজিল্যান্ডকে হারিয়ে অধিনায়কত্বের অভিষেক টেস্টে জয় পাওয়া বাংলাদেশের চতুর্থ ক্রিকেটার হলেন শান্ত। ২০০৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এই কীর্তি গড়েন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সেবার কিংসটাউনে মাশরাফীর নেতৃত্বে বাংলাদেশ ৯৫ রানে পরাজিত করে ওয়েস্ট ইন্ডিজকে।

Advertisement

সেই ম্যাচের মধ্য দিয়ে ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারানোর সাড়ে চার বছর পর টেস্ট ক্রিকেটে নিজেদের দ্বিতীয় জয় পায় টাইগাররা। মাশরাফীর পর একই সিরিজে এমন কীর্তি গড়েন সাকিব আল হাসান। সিরিজের দ্বিতীয় টেস্টে ইনজুরির কারণে মাশরাফী ছিটকে পড়লে নেতৃত্ব তুলে দেয়া হয় সাকিবের হাতে।

সুযোগ পেয়েই দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়দের বিপক্ষে ৪ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। সেই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজকে ২ ম্যাচের টেস্ট সিরিজে বাংলাওয়াশের স্বাদ দেয়। মাশরাফী, সাকিবের এমন কীর্তির ১৪ বছর পর এই তালিকায় যুক্ত হন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস।

চলতি বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ১২তম টেস্ট অধিনায়ক হিসেবে মাঠে নামেন লিটন। তার নেতৃত্বে অভিষেকেই মিরপুরে আফগানিস্তানকে ৫৪৬ রানে হারায় বাংলাদেশ। যেটি রানের ব্যবধানে নিজেদের ইতিহাসে টেস্টে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ের রেকর্ড। 

মাশরাফী-সাকিবের রেকর্ডে ভাগ বসাতে লিটনের ১৪ বছর লাগলেও শান্তর লেগেছে মাত্র সাড়ে পাঁচ মাস। ১৩তম টেস্ট অধিনায়ক হিসেবে সিলেটে আজ শান্তর নেতৃত্বে ১৫০ রানের জয় পায় বাংলাদেশ। এ ম্যাচে আরও এক কীর্তি গড়েন টাইগার অধিনায়ক।

বাংলাদেশি ব্যাটারদের মধ্যে অধিনায়কত্বের অভিষেকে প্রথম সেঞ্চুরিয়ানও তিনি। দ্বিতীয় ইনিংসে ১০৫ রানের আগে প্রথম ইনিংসে ৩৭ রান করেন শান্ত।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!